পুঁজিবাজার স্থিতিশীল করতে বিনিয়োগকারীদের ১০ দাবি
পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ১০ দফা দাবি জানিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ জেনারেল ইনভেস্টরস ফোরাম (বিজিআইএফ)।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।সংগঠনটির নেতারা ২০ জানুয়ারির লেনদেন বাতিলের দাবি জানিয়ে বলেন, ২২৫ পয়েন্টে সূচকের ‘সার্কিট ব্রেকার’ নির্ধারণ করে দেওয়ার পরও পাঁচ মিনিটে ৫৮৭ পয়েন্ট সূচক কমেছে। তাই ওই দিনের লেনদেন বহাল রাখার বৈধতা বা আইনগত কোনো ভিত্তি নেই। পাশাপাশি তাঁরা জোর করে শেয়ার বিক্রি (ট্রিগার বা ফোর্সড সেল) বন্ধের দাবি জানান।সংগঠনের আহ্বায়ক মোর্শেদুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজমুল হাসান। আরও উপস্থিত ছিলেন ফোরামের নেতা সালাউদ্দিন মানিক, আবু তাহের সরকার, মাসুুদুর রহমান নাহিদ প্রমুখ।পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফোরামের নেতারা আরও যেসব দাবি জানিয়েছেন, তার মধ্যে রয়েছে বাজারের তারল্য সংকট কাটাতে মার্চেন্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত অর্থসুবিধা দেওয়া; ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম, তার ভিত্তিতে ব্যাংকের বিনিয়োগ সীমার হিসাব করা; ব্যাংকের বিধিবদ্ধ জমা (এসএলআর) ও এর নগদ অংশের (সিআরআর) পরিমাণ কমানো; ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই, সিএসই) সদস্যসংখ্যা বাড়ানো; এবং দুই স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুলাইজ (পরিচালনা পর্ষদ থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা) করা। সংগঠনের নেতারা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন বক্তব্য দেওয়া বন্ধ করা; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানো এবং শেয়ার কেনার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত অর্থসহায়তা দেওয়ারও দাবি জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে শেয়ারবাজারে ৩৩ লাখ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারী রয়েছেন। প্রতিটি বিও হিসাব গড়ে পাঁচজনের একটি পরিবারকে প্রতিনিধিত্ব করলে এই বাজারের সঙ্গে এক কোটি ৬৫ লাখ লোকের স্বার্থ জড়িত। আবার গত দুই বছরে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৭ হাজারে।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শেয়ারবাজারের কারণে গত দুই বছরে প্রায় ১০ লাখ লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে। পাশাপাশি সরকার শেয়ারবাজারের প্রতিদিনের লেনদেন থেকে কর বাবদ দুই কোটি টাকা আয় করছে।এসব পরিসংখ্যান তুলে ধরে বিজিআইএফের নেতারা বলেন, শেয়ারবাজারকে কোনোভাবেই হেলাফেলার চোখে দেখার সুযোগ নেই।শেয়ারবাজার বর্তমানে তারল্য ও আস্থার সংকটে ভুগছে বলেও দাবি করেন উপস্থিত বিনিয়োগকারীরা। তাই তাঁরা আস্থার সংকট কাটাতে সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলেন।