দেশের শেয়ারবাজার যেন স্থিতিশীল থাকে, সে জন্য সরকার সব রকমের চেষ্টা করে যাচ্ছে। শেয়ারবাজার স্থিতিশীল রাখতে গত তিন মাসে যে চেষ্টা করা হয়েছে, এর আগে কোনো সরকার তা করেনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার এসব কথা বলেছেন। ঢাকার অদূরে কালিয়াকৈরে চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘শেয়ারবাজারের ওপর কিসের প্রভাব পড়েছে, সেটা আমি বুঝি না। বাংলাদেশে এমন কেউ কি আছেন যিনি বলতে পারেন বাজারের ওপরে কিসের প্রভাব পড়েছে।’ বাংলাদেশের শেয়ারবাজার ‘খুবই স্পেশাল’ উল্লেখ করে তিনি বলেন, বাজার আজ উঠছে তো কাল নামছে। ওয়ালটন কারখানাটি বর্তমানে ব্যক্তিমালিকানায় আছে। তবে এটি যখন পাবলিক লিমিটেড হবে, তখন এটিকে শেয়ারবাজারে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হবে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন। অর্থমন্ত্রী আরও বলেন, ‘মন্ত্রী ও সাংসদদের কর দিতে হবে। আমি নিজেও কর পরিশোধ করেছি। তবে এখনো যাঁরা কর দেননি তাঁরা সময় চেয়েছেন।’ গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানা পরিদর্শন আসেন অর্থমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত কর কমিশনার এম এ ফজলুল হক, আরবি গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, আরবি গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, মিজানুর রহমান, আবুল বাশার হাওলাদার ও এমদাদুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। কারখানা পরিদর্শনকালে ওয়ালটনের পরিচালকেরা জানান, সরকারের নীতি-সহায়তা পেলে ওয়ালটন শুধু দেশেই নয়, সারা বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হবে। ২০১৫ সালের মধ্যে পৃথিবীর ৫০টি দেশে পৌঁছে যাবে ওয়ালটন পণ্য। মোবাইল ফোনসেট, এলসিএম, ল্যাপটপ ও কম্পিউটার মাদারবোর্ডসহ বেশকিছু পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চন্দ্রায় অবতরণ করেন অর্থমন্ত্রী। ওয়ালটন কারখানায় মন্ত্রীকে শুভেচ্ছা ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।