দেশের পুঁজিবাজার এখন খুবই অস্থিতিশীল। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বাজারকে ঢেলে সাজাতে হবে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বর্তমানে কিছুসংখ্যক লোক পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। তারা জনসাধারণের ভালোর জন্য কাজ করছে তা নয়। এ জন্যই মাঝেমধ্যে শেয়ারবাজারকে নিয়ন্ত্রণের প্রয়োজন হয়ে পড়ে।অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে ব্রোকার, ট্রেডার ও বিনিয়োগকারী পৃথক হওয়া উচিত। তবে এগুলো নীতি হিসেবে যত ভালো, প্রয়োগ করা তত কঠিন। তাই সব মহলের সঙ্গে আলাপ-আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।এ ছাড়া আগামী জুনে কালো টাকা বিনিয়োগের সুযোগ আরও কমিয়ে আনা হবে বলেও জানান তিনি।বাজার পরিস্থিতি: এদিকে টানা দরপতনের ধারা থেকে গতকাল দেশের পুঁজিবাজার বেশ খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে।বেসরকারি বাজার গবেষণাপ্রতিষ্ঠান আরগুস রিসার্চ জানিয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঋণসুবিধা বাড়ানোর সিদ্ধান্তে সব খাতের শেয়ারের ইতিবাচক প্রভাব পড়েছে। আর এরই প্রভাবে সূচক ও লেনদেন বেড়েছে।এসইসি গত সোমবার মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের গ্রাহকদের ঋণসুবিধা ১:১ থেকে বাড়িয়ে ১:১.৫ করে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১২৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৫০ হয়েছে। সূচক বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশের মতো। আর লেনদেন হয়েছে ৭১২ কোটি টাকার শেয়ার, আগের দিনের চেয়ে যা প্রায় ৮৬ কোটি টাকা বেশি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৪৫ পয়েন্ট ছাড়িয়েছে। লেনদেন হয়েছে ৬৫ কোটি টাকার শেয়ার।ডিএসইর ব্রিফিং: বাজার পরিস্থিতি নিয়ে ডিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে পতন যেমন কখনো দীর্ঘদিন স্থায়ী হয় না, তেমনি উত্থানও স্থায়ী নয়। তাই বিনিয়োগকারীদের উপযুক্ত সময় বুঝে শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে। কখনো অতি মূল্যায়িত শেয়ারের বিনিয়োগ করা উচিত নয়। ভালো শেয়ারের বিনিয়োগ করলে সব সময় ক্ষতির ঝুঁকি কম থাকে।রকিবুর রহমান বলেন, ‘কোনো কিছুতেই আগ্রাসী অর্থায়ন ভালো নয়। শেয়ারবাজারেও আমরা এ ধরনের অর্থায়ন পছন্দ করি না।’