পুঁজিবাজারকে বড় পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু করা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারকে বড় পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, আগামী ছয় মাসের মধ্যেই তিনি সে চেষ্টা করবেন। এ ছাড়া চলতি বছর থেকেই দীর্ঘমেয়াদি সরকারি বন্ড চালুরও ঘোষণা দেন অর্থমন্ত্রী। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০১০ অর্থবছরের অর্জিত ৬৪ কোটি ৬৫ লাখ টাকা নিট মুনাফা থেকে পাঁচ কোটি টাকা নগদ লভ্যাংশ হস্তান্তর করেন বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমদ চৌধুরী। ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমানসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার এখন স্থিতিশীল। এখন শেয়ারের দর বাড়ছে-কমছে। আগামী দিনে এ বাজারকে বড় পুঁজি সংগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে।রাষ্ট্র পরিচালনাধীন ব্যাংকের শেয়ার ছাড়ার প্রক্রিয়ার অগ্রগতি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নিশ্চয়ই এদের শেয়ার ছাড়া হবে। আর সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এক দিনে সব প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আনতে যাওয়া ঠিক হবে না বলে মত প্রকাশ করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, তিন দফায় সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ব্যাপারে সময়সীমা আগেই বেঁধে দেওয়া হয়েছে। ১৪ আগস্ট পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম আরও শেয়ার ছেড়েছে। অপেক্ষায় রয়েছে ডেসকো ও তিতাস। ৩০ আগস্টের মধ্যে এসেনশিয়াল ড্রাগস, বাংলাদেশ শিপিং করপোরেশন, সাবমেরিন কেব্লস, প্রগতি ইন্ডাস্ট্রিজ এবং হোটেল ইন্টারন্যাশনালের শেয়ার ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়ার কথা আবারও উল্লেখ করেন সচিব। বাকিগুলো আসবে তারও পরে। বিডিবিএলের চেয়ারম্যান নাজেম আহমদ চৌধুরী বলেন, ব্যাংক ভালোভাবে চালাতে আরও ৩০০ কোটি টাকা দরকার। তবে সরকার চাইলে তাদের শেয়ার ছাড়ার অনুমতিও দিতে পারে। তিনি বলেন, ব্যাংকের ভালো সম্পত্তি রয়েছে। প্রিমিয়ামে শেয়ার ছেড়েও টাকা তোলা যাবে। বিডিবিএল যে মুনাফা দিতে পেরেছে, অতীতে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) ও বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) যৌথভাবেও তা পারেনি বলে মন্ত্রীকে জানান ব্যাংকটির চেয়ারম্যান। অবশ্য এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি চাই, ব্যাংকটি ভালোভাবে চলুক। আর টাকা দেওয়ার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে ব্যাংকটির জন্য সত্যিই কিছু করা হবে।’