পুঁজিবাজারে অব্যাহত দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ সোমবারও দরপতন অব্যাহত রয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আজ ১ দশমিক ৫১ শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১ দশমিক ৮৪ শতাংশ। আর দুই বাজারেই আজ লেনদেন কমেছে। পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজও মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, আজও দরপতনের মধ্য দিয়ে লেনদেন চললে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ শুরু করা হয়। তাঁরা ডিএসই সামনের সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। বেলা দেড়টার দিকে বিনিয়োগকারীরা প্রতীকী খাটিয়া মিছিল বের করেন। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে আবারও ডিএসইর সামনে এসে শেষ হয়। পরে পুলিশ বিনিয়োগকারীদের কাছ থেকে খাটিয়াটি ছিনিয়ে নেয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। বিকেল পৌনে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ চলছিল। শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ দিকে বেলা দুইটার দিকে কিছু বিনিয়োগকারী ডিএসই অ্যানেক্স ভবনে ঢুকে ওই ভবনে অবস্থিত বিভিন্ন ব্রোকারেজ হাউসের প্রধান ফটক বন্ধ করে দেন বলে জানা গেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭১.২৯ পয়েন্ট কমে ৪,৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে ১০ মিনিটের মাথায় সূচক ৩১ পয়েন্ট বেড়ে যায়। এরপর আবারও নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টিরই দাম কমেছে। বেড়েছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৩৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫২ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বেক্সিমকো, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, এনবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, ফু-ওয়াং সিরামিকস, বিকন ফার্মা ও বিএসআরএম স্টিল।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫১.৮৮ পয়েন্ট কমে ১৩৪২৭.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১৪৪টির, বেড়েছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।