পুঁজিবাজারে আজ ছিল চাঙাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের দরপতনের পর আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে ছিল চাঙাভাব। আজ দুই স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম ও আর্থিক লেনদেন। টানা এ দরপতনের কারণে গত সাত কর্মদিবসে ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিনিয়োগকারীদের আটকের ঘটনাও ঘটে। তবে চাঙাভাবের কারণে আজ ডিএসইর সামনের পরিবেশ ছিল অনেকটাই শান্ত।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে স্থিতিশীলতা রক্ষার্থে সরকারের নেওয়া গতকাল ও আজকের পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। গতকাল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৫০০ কোটি টাকার ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড নামের একটি বিশেষ মিউচুয়াল গঠনের জন্য ট্রাস্ট চুক্তি ও নিবন্ধনের অনুমোদন দেয়। এ ছাড়া সরকারি পাঁচ প্রতিষ্ঠানকে আজ শেয়ার কেনার জন্য তহবিল দেওয়ার সিদ্ধান্তও বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।তবে বিশ্লেষকেরা মনে করেন, বাজার অতিরিক্ত চাঙাভাব হওয়া যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত দরপতনও ভালো নয়। এ মুহূর্তে দরকার একটি স্থিতিশীল অবস্থা।ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে এরপর পতন হয়। আধঘণ্টায় সূচক ১৯৮ পয়েন্ট কমে যায়। তবে এক ঘণ্টা পর সূচক বাড়তে শুরু করে, যা দিনভর অব্যাহত ছিল।আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ৩৪৬.৮৫ পয়েন্ট বা ৬.২১ শতাংশ বেড়ে ৫৯২৬.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২২০টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ মোট ৬৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস, এনবিএল, গ্রামীণফোন, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইএলএফএসএল, এবি ব্যাংক, তিতাস গ্যাস, বেক্সটেক্স ও উত্তরা ব্যাংক।এদিকে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিএসই ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি লেনদেন বন্ধ ঘোষণা করেছে ডিএসই কর্তৃপক্ষ। এর ফলে ডিএসইতে মোট চার দিন লেনদেন হবে না। আগামী রোববার আবার লেনদেন যথারীতি শুরু হবে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৭০.৬৬ পয়েন্ট বেড়ে ১৬৭৮৩.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৫১টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৮ কোটি টাকার লেনদেন হয়েছে।