পুঁজিবাজারে আজও দরপতন
দেশের পুঁজিবাজারে আজ বুধবার দরপতন হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে পুঁজিবাজারে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ বেশির ভাগ শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে লেনদেন।বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের কারসাজি নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা বা না-করা নিয়ে বাজারে একপ্রকার অস্থিরতা কাজ করছে। এর প্রভাবে বাজার বিরূপ আচরণ করছে। আবার অনেক বড় বড় বিনিয়োগকারী তদন্ত প্রতিবেদন প্রকাশ না-হওয়া পর্যন্ত বাজারে সক্রিয় না হওয়ায় এর প্রভাবও বাজারে পড়ছে।ডিএসই সূত্রে জানা যায়, নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে ১৫ মিনিটের মাথায় সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক নিম্নগামী হতে থাকে, যা সারা দিনই অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৭.৪৩ পয়েন্ট কমে ৬১৩২.৫৬ পয়েন্টে দাঁড়ায়।ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের দাম।আজ স্টক এক্সচেঞ্জে মোট ৬১১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়, যা গতকালের চেয়ে ১৮০ কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, এসিআই ফরমুলেশন, আফতাব অটো, মালেক স্পিনিং, বেক্সটেক্স, ঢাকা ইনস্যুরেন্স, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস ও গ্রামীণফোন।আজ সবচেয়ে বেশি বেড়েছে এসিআই ফরমুলেশনের শেয়ারের দাম। এ ছাড়া ইস্টার্ন কেবলস, এসিআই, ঢাকা ইনস্যুরেন্স, সপ্তম আইসিবি, ইবনে সিনা, এনটিসি, ইস্টার্ন ইনস্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল ও জনতা ইনস্যুরেন্সের দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে। এদিকে আজ সবচেয়ে বেশি কমেছে সিটি জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, সমতা লেদার, অষ্টম আইসিবি, ফিডেলিটি অ্যাসেট, দেশ গার্মেন্টস, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেকিট বেনকিজার, পুরবি জেনারেল ইনস্যুরেন্স ও সাভার রিফ্রাক্টরিজ দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।এদিকে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আজকের জন্য স্থগিত করেছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়।অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৬৬.৭৬ পয়েন্ট কমে ১৭২৪০.০৫ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে নয়টির, কমেছে ১৮৮টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।