পুঁজিবাজারে আজও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে
দেশের পুঁজিবাজারে আজ সোমবার বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে আর্থিক লেনদেনও। এ নিয়ে চার দিন দাম বাড়ার প্রবণতা লক্ষ করা গেল দুই স্টক এক্সচেঞ্জে। এই চার দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ে প্রায় ৪৮৭ পয়েন্ট।তবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বিনিয়োগকারীদের অতিরিক্ত মূল্যে শেয়ার না কিনতে পরামর্শ দিয়েছেন। কেননা অব্যাহতভাবে বেশি দামে শেয়ার কিনতে থাকলে একপর্যায়ে বাজার ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে তাঁরা যথেষ্ট সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন ।ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের আধা ঘণ্টার মধ্যে ডিএসইর সাধারণ সূচক ১৯১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা কমলেও কিছুক্ষণের মধ্যে আবার ঘুরে দাঁড়ায়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সূচক ২৪৩ পয়েন্ট বেড়ে ৫৭৭৯.৯১ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে আজ মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ২৪২টির এবং কমেছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৮২১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫৭ কোটি টাকা বেশি। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ৫৬৪ কোটি টাকার লেনদেন হয়।আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, বেক্সটেক্স, ম্যাকসন স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, গ্রামীণ ফোন, আফতাব অটোমোবাইল, সাউথইস্ট ব্যাংক, গোল্ডেন সন ও ইউনাইটেড এয়ারওয়েজ।অন্য দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন শেষে সূচক ৬৯২.৪৭ পয়েন্ট বেড়ে ১৬,৩৫৯.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে সাতটির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ১০৭ কোটি টাকার লেনদেন হয়েছে।আজ সিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ফু-ওয়াং ফুড, সমতা লেদার, ইনটেক অনলাইন, জিকিউ বলপেন, মেঘনা সিমেন্ট মিলস, ফেডারেল ইনস্যুরেন্স, কাশেম ড্রাইসেল, সায়হাম টেক্সটাইল ও হাক্কানি পালপ অ্যান্ড পেপার।