পুঁজিবাজারে আজও বড় দরপতন, প্রতিবাদে বিক্ষোভ
দেশের পুঁজিবাজারে আজ সোমবার বড় দরপতনের ঘটনা ঘটেছে। দিনের লেনদেন শেষে দেখা যায়, দুই বাজারেই প্রায় সব কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এর ফলে সূচকেরও বড় পতন লক্ষ করা গেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় তিন শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে আড়াই শতাংশ। অব্যাহত এই দরপতনের প্রতিবাদে আজও কিছু বিনিয়োগকারী ডিএসই ভবনের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছেন।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কিছুদিন ধরে বাজারে তারল্য সংকট বিরাজ করছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগে যেতে পারছে না। এর ফলে বাজারে দরপতনের ঘটনা ঘটছেই।এ ব্যাপারে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো ডটকমকে বলেন, বাজারে দরপতনের মূল কারণ তারল্য সংকট। এ সংকটের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে পারছে না। যার ফলে বাজার ঘুরে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না।আর এ অবস্থায় দেশের সার্বিক অর্থনীতিতে তারল্য সরবরাহ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন আহমেদ রশিদ। তিনি বলেন, এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে দেশের সার্বিক অর্থনীতিতে তারল্য সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এতে করে শেয়ারবাজারে তারল্য প্রবাহ বেড়ে যাবে। অন্যথায় আরও সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকালের ধারাবাহিকতায় আজও দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়। এর প্রতিবাদে বেলা পৌনে তিনটার দিকে একদল বিনিয়োগকারী রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বেশ কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবারও ডিএসইর সামনে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও ডিএসইর সভাপতি রকিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিনিয়োগকারীরা।এ বিষয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী বলেন, ‘আমরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ এসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাই। তবে তিনি আমাদের সঙ্গে দেখা করেননি।’ তিনি আরও বলেন, নিয়োগ পেয়ে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছিলেন। এ ক্ষেত্রে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এ সময় তিনি এসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২৭ পয়েন্ট কমে ৪,১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক গতকালের চেয়ে ৭৯ পয়েন্ট কমে যায়। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪১টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ২০টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, এনবিএল, লঙ্কা-বাংলা ফিন্যান্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, তিতাস গ্যাস ও বেক্সিমকো।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৩০ পয়েন্ট কমে ১২,৬৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ১৭৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।