পুঁজিবাজারে আজও সূচক ও লেনদেন বেড়েছে
সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়।বাজার-সংশ্লিষ্টরা বলছেন, বাজেটে পুঁজিবাজারবান্ধব বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় তা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। যেসব বিনিয়োগকারী বাজার থেকে দূরে ছিলেন, তাঁরা আবারও সক্রিয় হতে শুরু করেছেন। ফলে বাজারে সূচক ও লেনদেন বেড়েছে।এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজান-উর রশিদ চৌধুরী বলেন, ‘পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান বাজারের জন্য ইতিবাচক দিক। বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে, যার প্রভাব ইতিমধ্যে বাজারে পড়তে শুরু করেছে।’ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ সূচকের নিম্নমুখী প্রবণতা মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৩ পয়েন্ট কমে যায়। ১৫ মিনিটে সূচক ২৭ পয়েন্ট বাড়ে। ২৫ মিনিটের মাথায় আবারও সূচক ১১ পয়েন্ট কমে যায়। এরপর সূচক ওঠানামা করলেও দুপুর ১২টা ২০ মিনিটের পর থেকে সূচক দ্রুত বাড়তে থাকে, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৮.৫৭ পয়েন্ট বেড়ে ৬,১১৭.২৩ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮১টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে গ্রামীণফোন, তিতাস গ্যাস, এমজেএল বাংলাদেশ লিমিটেড, ইউসিবিএল, আফতাব অটো, বেক্সিমকো, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, এনবিএল ও সাউথইস্ট ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৮২.৫৬ পয়েন্ট বেড়ে ১৭০৫৯.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯২টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১১৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।