পুঁজিবাজারে আসছে আমরা টেকনোলজিস
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে আইটি সলিউশন প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেড। আগামী ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আবেদন (সাবস্ক্রিপশন) গ্রহণ করা হবে। আর অনাবাসী বাংলাদেশিদের সাবস্ক্রিপশন চলবে ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রতিষ্ঠানটির প্রসপেক্টাস সূত্রে এ তথ্য জানা গেছে।প্রসপেক্টাস সূত্রে আরও জানা যায়, প্রতিষ্ঠানটির প্রি আইপিও পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা। প্রতিষ্ঠানটি দুই কোটি ১৫ লাখ ৭২ হাজার শেয়ার ছেড়ে বাজার থেকে ৫১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ১৪ টাকা প্রিমিয়ামসহ ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২৭ দশমিক ২৯ টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৬৩ টাকা।প্রতিষ্ঠানটির ইস্যুব্যবস্থাপক লঙ্কা-বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।