পুঁজিবাজারে আসছে আরও ছয়টি নতুন মার্চেন্ট ব্যাংক
পুঁজিবাজারে আরও ছয়টি প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও কসমোপলিটন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় গতকাল বুধবার এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলো অনুমোদন পাওয়ায় মার্চেন্ট ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৩৭টিতে। বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নতুন এসব মার্চেন্ট ব্যাংকের অনুমোদন পাওয়ায় বাজার প্রাতিষ্ঠানিকীকরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। এসব প্রতিষ্ঠান নতুন নতুন কোম্পানিকে বাজারে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এ খাতে প্রতিযোগিতা বাড়ায় সাধারণ বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এসইসি সূত্রে জানা গেছে, আলফা ক্যাপিটালের মূল উদ্যোক্তা তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। আর কসমোপলিটন ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের উদ্যোক্তা হচ্ছে সামিট গ্রুপ। বে লিজিংয়ের রাইট অনুমোদন: এ দিকে গতকালের বৈঠকে এসইসি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানিটি বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। প্রিমিয়ামসহ রাইট শেয়ারের প্রস্তাবিত মূল্য ৩৫০ টাকা। কোম্পানিটি ৩০ লাখ ৬০ হাজার রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে ১০৭ কোটি টাকা সংগ্রহ করবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মূলধন বাড়ানো, এসএমই খাতে অর্থায়ন সুবিধা বাড়ানো এবং মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ঋণসুবিধা দিতে এই অর্থ ব্যবহার করা হবে বলে কোম্পানির রাইট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে কোম্পানি রাইট শেয়ারের জন্য রেকর্ড ডেট ঘোষণা করবে। এ দিন পর্যন্ত যাঁদের হাতে শেয়ার থাকবে কেবল তাঁরাই রাইট শেয়ার পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। পরবর্তী সময়ে রাইট শেয়ারের আবেদনপত্র ও অর্থ জমা নেওয়ার জন্য পৃথক সময়সূচি ঘোষণা করা হবে। এ ছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে কোনো কোম্পানির বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন কমিশনের কাছে সন্তোষজনক মনে না হলে তা বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেবে এসইসি। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মনোনীত নিরীক্ষা প্রতিষ্ঠান নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।