পুঁজিবাজারে আসছে এডিএন টেলিকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ সভাপতিত্ব করেন। তিনি জানান, দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনে আবেদন করেছে এডিএন টেলিকম। তালিকাভুক্তির আগে প্রাক-মূলধন সংগ্রহের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এ ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।
সভায় কোম্পানির পরিচালক, বিনিয়োগকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রতিষ্ঠানের সারা বছরের উল্লেখযোগ্য কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব প্রতিবেদন, নিরীক্ষক নিয়োগ ও আগামী বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরের ৩০ জুন পর্যন্ত এডিএন টেলিকম ছয় কোটি টাকার বেশি মুনাফা করেছে। আর গত অর্থবছরে মোট মুনাফার পরিমাণ ছিল সাড়ে পাঁচ কোটি টাকা।