পুঁজিবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো
দেশের শেয়ারবাজারে প্রবেশের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো।এগুলো হলো: বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)।প্রক্রিয়াগত প্রস্তুতির পাশাপাশি চারটি প্রতিষ্ঠানই ২০০৯-১০ অর্থবছরে তাদের প্রাতিষ্ঠানিক লাভ দেখিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যাবতীয় প্রক্রিয়া শেষ হলে আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে সব প্রতিষ্ঠান পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।জানা গেছে, গত ২৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয় থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। তালিকাভুক্তি ত্বরান্বিত করতে প্রয়োজনে আইনে কিছু ছাড়ও দেওয়া হবে। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে সরকারের বেশ কিছু কোম্পানিকে দ্রুত শেয়ারবাজারে প্রবেশের তাগাদা দেন। এর পরিপ্রেক্ষিতেই সরকারি এসব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান আর্থিক লাভ দেখিয়েই শেয়ারবাজারে প্রবেশ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।আবার মুনাফার মুখ দেখায় এর ৪০ শতাংশ সরকারকে প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর হিসেবে দিতে হবে। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে এই কর কমে হবে ৩০ শতাংশ। সর্বোপরি শেয়ারবাজারে গেলে নতুন বিনিয়োগ পাওয়াও সহজ হয়।বিএসসিসিএল: বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) শেয়ার ছাড়তে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।কিন্তু ‘আন্ডার রাইটার’ ও ‘ব্যাংকার টু দ্য ইস্যু’ নিয়োগ, প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত, শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের জন্য যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পরিদপ্তরের (আরজেএসসি) অনুমোদন, সংঘ স্মারক পরিবর্তনসহ বেশ কিছু কাজ বাকি রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের ঋণমান নির্ণয়ের জন্য ক্রিসেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিএসসিসিএলের শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। বুক বিল্ডিং পদ্ধতিতে দর নির্ণয়ের পর সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার ছাড়া হবে। জুন মাসের মধ্যেই এটি করা সম্ভব হবে।বিএসসিসিএলের পরিশোধিত মূলধন এখন সাড়ে ৬৭ কোটি টাকা। কর্তৃপক্ষ পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহের আশা করছে।২০০৮ সালের জুলাই মাসে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) ভেঙে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বিটিসিএল ও বিএসসিসিএলের জন্ম হয়। ২০০৯-১০ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১১ কোটি ৫৫ লাখ টাকা নিট মুনাফা অর্জন করে।টেলিটক: সরকারি মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক ২০০৯-১০ অর্থবছরে ছয় কোটি ৭৭ লাখ টাকা নিট লাভ করেছে। লাভের বিষয়টি নিশ্চিত করে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১২ সালের মধ্যে প্রতিষ্ঠানটি অবশ্যই পুঁজিবাজারে আসবে। তবে চলতি মূলধন কম হওয়ার কারণে বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়া টেলিটকের পক্ষে কঠিন।তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টেলিটকের লাভের বিষয়টি প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টেলিটকের অনেক দেনা রয়েছে বলে খোদ কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডও অভিযোগ করেছে। বিভিন্ন গেটওয়ে লাইসেন্সের দাম এখনো পরিশোধ করেনি টেলিটক। একইভাবে কর না দেওয়ার অভিযোগ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এসব অভিযোগ প্রসঙ্গে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘টেলিটকের দেনাগুলো আমরা নিয়মিত কিস্তিতে শোধ করে থাকি।’এর আগে ২০০৮-০৯ অর্থবছরের শুরুতে টেলিটক ৩১ কোটি টাকা লাভ করার পরিকল্পনা নিয়ে বাজেট তৈরি করলেও শেষে ১০৯ কোটি ৯৮ লাখ টাকা লোকসান হয়। আর ২০০৭-০৮ অর্থবছরে রেকর্ড ১৬২ কোটি ৬৫ লাখ টাকা লোকসান দিয়েছে।টেশিস: টেলিযোগাযোগ যন্ত্রপাতি সরবরাহকারী দেশীয় ও সরকারি প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) দীর্ঘদিন লোকসানি থাকার পর গত বছর ১৩ লাখ টাকা নিট লাভ করেছে। এ প্রসঙ্গে টেশিসের চেয়ারম্যান ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ২০০৭-০৮ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে টেশিস পুনর্গঠন করা হয়। এ ছাড়া দ্রুত শেয়ারবাজারে যাওয়ার বিষয়ে সরকারের দিক থেকেও একটি নির্দেশনা রয়েছে। এ জন্য অবশ্য কয়েক মাস সময় লাগবে। টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল জানান, দুই বছরে টেশিস ১৬ হাজার ল্যান্ডফোন সেট তৈরি করেছে। বিটিসিএলের কয়েক কোটি টাকার স্লুইস কেবিনেট তৈরি, টেলিটকের ৩০ কোটি টাকার বিটিএস টাওয়ার নির্মাণ, ১২ কোটি টাকায় কয়েকটি কোম্পানির পিএবিএক্স সিস্টেম তৈরি ও রক্ষণাবেক্ষণ করে অনেক লাভ করেছে টেশিস। বিটিসিএল: সরকারি ল্যান্ডফোন বিটিসিএল ফিক্সড লাইনের টেলিযোগাযোগ সেবাসহ ব্রডব্যান্ড সেবাও দিচ্ছে। ২০০৯-১০ অর্থবছরে প্রতিষ্ঠানের নিজস্ব প্রতিবেদনে নিট লাভ ৬১২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা দেখানো হয়েছে।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবসার আলম বলেন, ‘শেয়ারবাজারে যাওয়ার প্রস্তুতি নিলেও নির্দিষ্ট কোনো সময় এখনই বলা যাবে না।’