পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন গতকালের চেয়ে বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪৪৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক ২০ পয়েন্টের মতো কমলেও পরে সূচক ঊর্ধ্বমুখী হয়। একপর্যায়ে সূচক ৪৫ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক বৃদ্ধির হার কমলেও শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকে।ডিএসইতে আজ ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে। কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬৪২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০১ কোটি টাকা বেশি।দিনের শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, লংকা-বাংলা ফিন্যান্স, ডেসকো, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট, বিএসসিসিএল, ইউনিক হোটেল ও সামিট পাওয়ার।অন্যদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৯৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৯১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০২টির দাম বেড়েছে। কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।