পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ
দেশের পুঁজিবাজারে আজ সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। যদিও শুরুতে বেশ কয়েকবার ওঠানামা লক্ষ করা যায়। দিন শেষে দুই বাজারেই লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দিন ধরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে বাজার তদারকি শুরু করেছে। কোনো ব্রোকারেজ হাউসে অস্বাভাবিক লেনদেন হওয়ামাত্রই দুই সংস্থা যৌথভাবে পরিদর্শনে যাচ্ছে। এরই মধ্যে কয়েকটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তদন্ত কমিটিও গঠন করেছে এসইসি। বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। এ ছাড়া শেয়ারের দাম অনেক নিচে নেমে আসায় অনেক বিনিয়োগকারী নতুন করে সক্রিয় হচ্ছেন। এর ফলে বাজারে লেনদেন বেড়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৪.৩৬ পয়েন্ট বেড়ে ৪২৯০.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৫৪ পয়েন্ট বেড়ে যায়। আর ১৫ মিনিটে সূচক কমে যায় ১৩ পয়েন্ট। এভাবে ওঠানামার পর সূচক ঊর্ধ্বমুখী হয়ে দুপুর সোয়া ১২টায় সূচক ১৮৯ পয়েন্ট বেড়েছিল।আজ ডিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টির দাম বাড়ে। কমে ১০৮টির আর অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৯১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০১ কোটি টাকার বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, এনবিএল, ইউসিবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭২.৬০ পয়েন্ট বেড়ে ১২৩৯৪.৮২ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টিরই দাম বেড়েছে। কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা বেশি।