পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে আজ সোমবার পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ও লেনদেন গতকালের চেয়ে কিছুটা কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।এদিকে শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজও ডিএসইর মূল ভবনের সামনে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীদের একটি অংশ। বেলা দুইটার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।এ সময় বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়। এ ছাড়া অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিনিয়োগকারীরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সূচক বাড়ার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর ১৯ মিনিটের মাথায় সূচক ১৮ পয়েন্ট বাড়ে। এরপর দ্রুত সূচক কমতে থাকে। ২৫ মিনিটের মাথায় সূচক ৩২ পয়েন্ট কমে। ডিএসইতে এভাবেই দিনভর সূচক দ্রুত ওঠানামা করে। ডিএসইতে দিন শেষে সাধারণ মূল্যসূচক ১৪.৫৪ পয়েন্ট কমে ৫,৫১৮.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ২৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৯ কোটি টাকা কম।ডিএসইতে আজ মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ১৩৬টির, বেড়েছে ১০৩টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বেক্সিমকো, এনবিএল, এমজেএল বিডি, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫০.১০ পয়েন্ট কমে ৯,৯৪২.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম। আজ মোট ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১২০টির, বেড়েছে মাত্র ৩৯টির ও ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।