পুঁজিবাজারে কারসাজির মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে কারসাজির ঘটনায় করা মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল হক এ অভিযোগ গঠন করেন।যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন সৈয়দ সিরাজ উদ দৌলা ও তাঁর স্ত্রী রাশেদা আক্তার মায়া এবং হাবিবুর রহমান মোড়ল। গত বছরের ২১ আগস্ট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষে এর পরিচালক মাহবুবের রহমান চৌধুরী এ মামলা করেন।মামলায় আসামিদের বিরুদ্ধে পিপলস লিজিংয়ের শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কারসাজির অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ অক্টোবর আসামিরা আত্মসমর্পণ করে জামিন নেন।মামলায় বলা হয়, সৈয়দ সিরাজ উদ দৌলা, তাঁর স্ত্রী রাশেদা আক্তার মায়া ও হাবিবুর রহমান মোড়ল পিএফআই সিকিউরিটি হাউসের মাধ্যমে শেয়ার ট্রেডিং করতেন। আসামিরা পরস্পর যোগসাজসে গত বছরের ৩০ জুন হতে ৪ নভেম্বর পর্যন্ত সময়কালে পিপলস লিজিংয়ের শেয়ারে বড় ধরনের লেনদেনের মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ারের দাম বৃদ্ধি করেন এবং তাঁদের কাছে থাকা শেয়ার বিক্রি করে অবৈধভাবে লাভবান হন।উল্লেখ্য, শেয়ারবাজার কেলেঙ্কারি তদন্তে বাংলাদেশ কৃষিব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত বছরের ৩১ মার্চ সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে এই তিনজনের বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ করা হয়।