পুঁজিবাজারে কার্যকর ব্যবস্থাপনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের জন্য কার্যকর ও যথাযথ ব্যবস্থাপনা দরকার। আর দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে চৌকস ও স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন। এসব ক্ষেত্রে বড় ধরনের ঘাটতির কারণেই বর্তমানে দেশের এই বাজারটি যথাযথভাবে চলছে না।গতকাল সোমবার দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগের ক্ষেত্র হিসেবে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির কাউন্সিল সদস্য মসিহ মালিক চৌধুরী। বক্তব্য দেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক খাজা আমজাদ সায়ীদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সভাপতি আল মারুফ খান, আইসিএবি সভাপতি সাইফুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন আইসিএবির কাউন্সিল সদস্য আব্বাস উদ্দিন খান। কাজী খলীকুজ্জমান বলেন, বর্তমানে বাংলাদেশের শেয়ারবাজার যথাযথভাবে চলছে না। এই শেয়ারবাজারের ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রমে হস্তক্ষেপ না করে বাজারটিকে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত।বর্তমান শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে খলীকুজ্জমান আরও বলেন, ‘এই দেশে যেকোনো একটা বিষয়ে আগ্রহ দেখা দিলে তা অতিমাত্রায় বেড়ে যায়। যেমন, যখন ক্ষুদ্রঋণ কার্যক্রম এল, তখন শত শত বেসরকারি সংস্থা (এনজিও) এই ক্ষুদ্রঋণে জড়িয়ে পড়ল। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া শুরু হলে তা মাশরুমের মতো গজিয়ে উঠেছে।’সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের ক্ষেত্রেও তা হয়েছে উল্লেখ করে খলীকুজ্জমান বলেন, ‘এখানে লাভের আশায় লাখ লাখ মানুষ শেয়ারবাজারমুখী হয়েছেন। অনেকে ক্ষুদ্র সঞ্চয় ভেঙে, গয়না বিক্রি করে শেয়ারবাজারে গেছেন। বাজার পড়ে যাওয়ায় তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ খলীকুজ্জমানের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ দরকার। আর কর্মসংস্থান ও পণ্য উৎপাদনে বেসরকারি খাতের ভূমিকা সবচেয়ে বেশি। এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজির জন্য শেয়ারবাজারে যেতে পারে। খাজা আমজাদ সায়ীদ বলেন, শেয়ারবাজার হলো অর্থনীতির একটি সূচক। আর দারিদ্র্য বিমোচনের জন্য দরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনীতির মূল বিষয় হলো এর ব্যবস্থাপনা আর ক্রমাগত মূল্যসংযোজন। তিনি মনে করেন, অপ্রকাশ্য অর্থনীতি যোগ করলে এই অঞ্চলে প্রবৃদ্ধি অনেক বেড়ে যেত, এমনকি তা বর্তমানের দ্বিগুণও হতে পারে। শাকিল রিজভী বলেন, ২০১০ সালে সরকার যদি আরও বেশ কিছু কোম্পানি নিয়ে আসত, তবে বাজারের এই অবস্থা হতো না। নিয়ন্ত্রকদের আরও কার্যকর হওয়া উচিত।আল মারুফ খান বলেন, আইনগত সুবিধার অভাবে এ দেশের শেয়ারবাজারে বিদেশি পোর্টফোলিও তথা বিনিয়োগ নেই বললেই চলে। আর স্থানীয় বিনিয়োগকারীরা বিশ্ব আর্থিক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত নন। মারুফ খান জানান, শেয়ারবাজার থেকে কম খরচে তহবিল সংগ্রহ করা যায়। আর এই সুবিধা জাতি নিতে পারে। মসিহ মালিক চৌধুরী তাঁর মূল প্রবন্ধে শেয়ারবাজারের উন্নয়নের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তার মধ্যে আছে: দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং চৌকস ও স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠা নিশ্চিত করা। চৌকস নিয়ন্ত্রকের মাধ্যমে সৎ ও নিবেদিতপ্রাণ উদ্যোক্তাদের শেয়ারবাজারে আনার জন্য উৎসাহিত করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া শেয়ারবাজারের জন্য শিক্ষিত বিনিয়োগকারী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।