পুঁজিবাজারে কাল বিনিয়োগকারীদের ধর্মঘট
বিনিয়োগকারীরা কাল বৃহস্পতিবার পুঁজিবাজারে ধর্মঘটের ডাক দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আজ বুধবার বিনিয়োগকারীদের বিক্ষোভ কর্মসূচি চলাকালে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আবদুর রাজ্জাক বলেন, ‘শেয়ারবাজারের অব্যাহত দরপতনের কারণে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। আমরা সব বিনিয়োগকারীকে আগামীকাল লেনদেনে অংশ না নিতে অনুরোধ জানাই। একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জকেও লেনদেন বন্ধ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কাল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।’এর আগে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে ডিএসইর সামনে বেলা দুইটার দিকে বিক্ষোভ করেন তাঁরা। একই সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম. খায়রুল হোসেনের পদত্যাগের দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগানও দেন।