পুঁজিবাজারে কালোটাকা সাদা করেছেন ৭১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোল পিটিয়ে শেয়ারবাজার চাঙা করার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছিল সরকার। দুই বছর পর দেখা গেল এ উদ্যোগ খুব একটা কাজে আসেনি। শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ করে চাঙা করার ‘ফর্মুলা’ প্রায় ব্যর্থ হয়েছে। তাই চলতি অর্থবছরে এই সুযোগ রহিত করা হয়েছে। 

সদ্য বিদায়ী অর্থবছরে (২০১২-১৩) মাত্র ৭১ জন করদাতা শেয়ারবাজারে কালোটাকা সাদা করেছেন। এর মানে হলো, শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ ঘোষণা দিয়েছেন তাঁরা। এর আগের বছরেও মাত্র ৮২ জন করদাতা এই সুযোগ নিয়েছিলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

দুই বছর আগে নিয়মিত করহারের অতিরিক্ত ১০ শতাংশ হারে জরিমানা অর্থদণ্ড দিয়ে শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। আর গত অর্থবছরে যাঁরা এই সুযোগ নিয়েছেন, তাঁরা ১৫ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কর অঞ্চলকে জানিয়েছেন। আর কর অঞ্চলগুলোর কাছে তথ্য নিয়ে এই সাময়িক হিসাব করেছে এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, এই বিশেষ সুবিধায় গত অর্থবছরের ১২ মাসে মাত্র ১৩৭ কোটি টাকার সমপরিমাণ কালোটাকা শেয়ারবাজারে গেছে। এই অর্থ নিয়ে গেছেন মাত্র ৭১ জন করদাতা। এতে এনবিআরের কর প্রাপ্তি হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। কর অঞ্চল-২-এর ২১ জন করদাতা সবচেয়ে বেশি ৭০ কোটি টাকা সাদা করেছেন। 

এর আগের বছরে এই সুযোগ নিয়ে ৮২ জন বিনিয়োগকারী ৩৮২ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন। সব মিলিয়ে বিগত দুই অর্থবছরে মাত্র ১৫৩ জন বিনিয়োগকারী এই সুযোগ নিয়েছেন। আর শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে মাত্র ৫২০ কোটি টাকা।

এই প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের সদস্য (করনীতি) সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে জানান, পর পর দুই বছর এই সুযোগ থাকার পরও বিনিয়োগকারীদের মধ্যে খুব একটা উৎসাহ দেখা যায়নি। এনবিআরের রাজস্ব প্রাপ্তিও হয়েছে অত্যন্ত কম। আশানুরূপ সাড়া না পাওয়ায় চলতি অর্থবছর থেকে শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।  

আমিনুল করিম অবশ্য জানান, স্বপ্রণোদিত হয়ে অপ্রদর্শিত অর্থ ঘোষণা দেওয়ার যে বিধান আয়কর অধ্যাদেশে রয়েছে, সেই সুযোগ নিয়েও এবার শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ করতে পারবেন করদাতারা।

উল্লেখ্য, গত অর্থবছর থেকে স্বপ্রণোদিত হয়ে অপ্রদর্শিত অর্থ ঘোষণা দেওয়ার জন্য অধ্যাদেশে ‘১৯ই’ নামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে।

কিন্তু গত অর্থবছরে সেই সুযোগের সদ্ব্যবহার খুব একটা হয়নি। মাত্র ২২০ জন করদাতা এই সুযোগ নিয়েছেন। এতে এনবিআর মাত্র ১৩ কোটি টাকা কর পেয়েছে।

‘১৯ই’ ধারা অনুযায়ী, যদি কোনো কারণে কোনো করদাতা অতীতে তাঁর আয় কম প্রদর্শন করে থাকেন বা কোনো কারণে প্রাপ্ত অর্থ সম্পদ বিবরণীতে প্রদর্শন না করতে পারেন, সে ক্ষেত্রে তিনি তাঁর সেই আয় বিদ্যমান আইন অনুযায়ী স্বেচ্ছামূলকভাবে প্রদর্শন করতে পারেন। এ জন্য শুধু প্রদেয় করের ১০ শতাংশ অতিরিক্ত জরিমানা দিতে হয়। 

শেয়ারবাজার ও স্বপ্রণোদিত—এই দুই উপায়ে গত অর্থবছরে মোট ২৯১ জন করদাতা কালোটাকা সাদা করেছেন।

বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে বিগত চার অর্থবছরে (২০০৯-১০ থেকে ২০১২-১৩ পর্যন্ত) মোট এক হাজার ২১৪ জন কালোটাকা সাদা করেছেন। এর মধ্যে ২০১০-১১ অর্থবছরে শুধু শিল্প খাতে বিনিয়োগ পরিকল্পনা ও সম্ভাব্য কর্মসংস্থানসহ বিভিন্ন শর্ত সাপেক্ষে সুযোগ দেওয়া হয়েছিল। তাই সে বছর কেউ কালোটাকা সাদা করেননি।