পুঁজিবাজারে কালোটাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে অর্থের উৎস সম্পর্কে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী আইনে প্রশ্ন তোলার বিধান করতে যাচ্ছে সরকার। আর তাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইনের অধীনে বিনিয়োগকৃত অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন না তোলার যে প্রজ্ঞাপন জারি করেছিল, তাতে সংশোধনী আনা হচ্ছে। এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাসে অর্থায়নবিরোধী আইন এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আইনের সংশোধনী আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। করের বিনিময়ে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পেলেও আমরা চাই বিদেশ থেকে পাচার হয়ে আসা অর্থ যাতে সেই সুযোগ না পায়—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এনবিআরের জারি করা এসআরও-টি (স্ট্যাটুট্যারি রেগুলেটরি অর্ডার) সংশোধন করা হচ্ছে সে কারণেই।’ এসআরও-টি ভেটিংয়ের জন্য বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটি খুবই সাধারণভাবে লেখা। প্রশ্ন না করার বিধানটা শুধু যে আয়কর আইনের আওতায়ই থাকবে, সংশোধন করে সেই বিষয়টিকেই আমরা সুনির্দিষ্ট করে দেব।’ উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজার ও সরকারি ট্রেজারি বন্ডে কালোটাকা সাদা করার সুযোগ দেয় সরকার।শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগকে প্রশ্ন না করার সুযোগ মানি লন্ডারিং প্রতিরোধকে দুর্বল করে দিতে পারে। বিশেষত, এ খাতের মাধ্যমে যদি মানি লন্ডারিং হয়ে থাকে, তাহলে প্রশ্ন না তোলার সুযোগ মানি লন্ডারিং প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপকে সীমিত করে ফেলতে পারে—এ কথা উল্লেখ করে গত জুলাই মাসে বাংলাদেশের অবস্থান ও ব্যাখ্যা জানতে চায় আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজিএমএল)। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে এ বিষয়ে এপিজিএমএলের পক্ষ থেকে একটি ই-মেইল বার্তা পাঠিয়েছেন এপিজিএমএলের পরিচালক ডেভিড শ্যানন। ই-মেইলে আগামী ৩০ আগস্টের মধ্যে এপিজি সচিবালয়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানোর সুপারিশ করা হয়েছে। জানা গেছে, গতকালের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ব্যাখ্যা নির্ণয়ের জন্য। ই-মেইলে বলা হয়েছে, এখন থেকে প্রত্যেক মাসের ৩০ তারিখে এপিজি সচিবালয়ে একটি করে প্রতিবেদন পাঠাতে হবে, যত দিন না পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দাঁড় করানো হয়।এতে আরও বলা হয়, চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে এপিজির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে এবং তখনকার প্রশ্নটি হবে বাংলাদেশের এপিজির সদস্যপদ নিয়ে।সূত্র জানায়, গত ১৮ থেকে ২২ জুলাই ভারতে অনুষ্ঠিত এপিজির বার্ষিক সভায় ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগের বিষয়ে আলোচনা হয়েছে। কর আদায়কারী সংস্থা, এসইসি এবং অন্যান্য সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়টি কী হবে—সেই প্রশ্নও উত্থাপিত হয়েছে সভায়।উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এপিজির সদস্য। সংস্থাটি এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমনে ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্কফোর্স অন মানি লন্ডারিংয়ের (এফএটিএফ) সুপারিশ বাস্তবায়ন ও বাস্তবায়ন অগ্রগতি তদারক করে। বাংলাদেশ এ পর্যন্ত দুবার এর স্টিয়ারিং কমিটির সদস্য হয়েছে।অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতে অনুষ্ঠিত এপিজির সভায় যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এসআরও সংশোধনের উদ্যোগে শেয়ারবাজারে কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নতুন কিছু নয় এবং এতে শেয়ারবাজারেরও কিছু যায়-আসে না। কারণ, পাচার হয়ে আসা অর্থের বিনিয়োগ বর্তমান মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায়ই ধরা যাবে।’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, এসআরও সংশোধনের পাশাপাশি বৈঠকটি ছিল মূলত প্রস্তাবিত তিনটি আইন প্রণয়নের বিষয়ে অগ্রগতি কতদূর হলো তা জানতে পারস্পরিক মতবিনিময়।