পুঁজিবাজারে বিনিয়োগে বৈচিত্র্য আনে কমোডিটি ডেরিভেটিভস। বাজারে কখনো ধস হলেও বিনিয়োগকারীদের লোকসান তখন তত বেশি হয় না।
পার্ল ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল মার্কেটের (পিআইএফএম) আয়োজনে গতকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী এতে স্বাগত বক্তব্য দেন।
কর্মশালায় পিআইএফএমের এমডি ওয়ালী উল মারুফ মতিনসহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইরান প্রভৃতি দেশ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষজ্ঞ প্রতিনিধিরা বক্তব্য দেন।
ওয়ালী উল মারুফ মতিন বলেন, পুঁজিবাজারকে যদি পোশাক ধরা হয়, তাহলে ডেরিভেটিভস হলো জুতার মতো। ডেরিভেটিভস ছাড়া বাজারে বিনিয়োগ করতে আসা মানে খালি পায়ে হাঁটার মতো। আর এভাবে বিনিয়োগের কারণেই ধস হয়। ধসের কারণে হয় আন্দোলন।
মারুফ মতিন বলেন, বিনিয়োগে ঝুঁকি কমায় ডেরিভেটিভস। পুঁজিবাজারের সাম্প্রতিক ধসে বিনিয়োগকারীদের যে ক্ষতি হয়েছে, তা অনেকাংশেই রোধ হতো যদি ডেরিভেটিভস থাকত। বিদ্যমান বাস্তবতায় কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ চালু হওয়া জরুরি বলে তিনি মনে করেন।