পুঁজিবাজারে ডিমিউচুয়ালাইজেশন এই সরকারের সময়েই: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ডিমিউচুয়ালাইজেশনের অর্থার‌্যা স্টক এক্সচেঞ্জের মালিকানা, ব্যবস্থাপনা ও ব্যবসা পৃথককরণ করার কথা পুনর্ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ‘যিনি বিনিয়োগকারী, তিনিই ব্রোকার—এটা ততটা ভালো বিষয় নয়। তাই বর্তমান সরকারের ক্ষমতা থাকতে থাকতেই ডিমিউচুয়ালাইজেশন করা হবে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী সম্প্রতি এ ব্যাপারে আপত্তি জানিয়েছেন। মুম্বাই স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রেও এ রকম আপত্তি উঠেছিল। তারপরও বলছি, বাজারের স্বার্থে এটি করতেই হবে। এটি ছাড়া হবে না। এটি হয়ে গেলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) দরকার পড়বে না।’গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদের লেখা সম্ভাবনার অর্থনীতি শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বইটির ওপর আলোচনা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এতে স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন লংকাবাংলা সিকিউরিটিজের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক খাত শেয়ারবাজারের খেলোয়াড় নয়। শেয়ারবাজারে বিনিয়োগ তাদের প্রধান কাজ নয়। অন্য কাজ রয়েছে তাদের।’ গ্রন্থে তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক ‘আবার আসিব ফিরে’ নামক প্রবন্ধটি স্থান পাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আদৌ কি দুর্নীতি কমবে’ বলে একটি প্রশ্ন করা হয়েছে এতে। এভাবে না বললেই ভালো হতো। গত তত্ত্বাবধায়ক সরকারের ভুল দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, শুরুর দিকে তাদের অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু যে শুভেচ্ছা নিয়ে তারা এসেছিল, শেষে তা নষ্ট করে ফেলেছে। দুর্নীতির বদনামটাকে শুদ্ধ করে দিয়ে গেছে। মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যেই ডিমিউচুয়ালাইজেশন হওয়া উচিত। মির্জ্জা আজিজ আরও বলেন, ‘আবার আসিব ফিরে’ বলতে কী বোঝানো হয়েছে, স্পষ্ট নয়। তবে গত তত্ত্বাবধায়ক সরকারের আগমনের মতো আবারও কোনো পরিস্থিতি এলে, তা অর্থনীতির জন্য যে সুখকর হবে না-এ কথা নির্দ্বিধায় বলা যায়।