পুঁজিবাজারে তেজি এক সপ্তাহ পার করলেন বিনিয়োগকারীরা
অনেক দিন পর বিনিয়োগকারীদের বিবেচনায় একটি ভালো সপ্তাহ কাটল দেশের শেয়ারবাজারে। কেবল দর বৃদ্ধিই নয়, আর্থিক লেনদেন ও শেয়ারের হাতবদলের পরিমাণের দিক থেকেও গত সপ্তাহটিতে ছিল বিনিয়োগকারীদের আস্থার বহিঃপ্রকাশ।দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ হিসেবে পরিচিত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাত হাজার ৮১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের চেয়ে এই বৃদ্ধির হার সাড়ে ৪৪ শতাংশের বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল পাঁচ হাজার ৪০৩ কোটি টাকার শেয়ার। আলোচ্য সপ্তাহটিতে ডিএসইতে দৈনিক এক হাজার ৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। কিন্তু গত সপ্তাহে এর চেয়ে ৫০০ কোটি টাকার মতো লেনদেন বেড়েছে। লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে গত সপ্তাহে শেয়ারের মূল্যসূচকও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ছয় হাজার ৩১১ দশমিক ৮০ পয়েন্ট সূচক নিয়ে গত সপ্তাহে ডিএসইর লেনদেন শুরু হয়েছিল। সপ্তাহ শেষে তা বেড়ে হয়েছে ছয় হাজার ৫২৮ পয়েন্ট। অর্থাৎ এ সময় সূচক বেড়েছে ২৬৬ দশমিক ৪৭ পয়েন্ট বা ৪ দশমিক ২২ শতাংশ। এর ফলে প্রায় ছয় মাস পর বাজার মূলধন আবারও তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের বাজেটে পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পর থেকেই লেনদেনের পরিমাণ বাড়তে শুরু করে। তবে এ ক্ষেত্রে কালোটাকা বা নতুন বিনিয়োগের তেমন ভূমিকা রয়েছে—সেটা বলা যাবে না। তাঁদের মতে, মূলত বাজারে ধসের পর পুঁজি রক্ষায় যাঁরা লোকসান দিয়ে শেয়ার বিক্রি করে দিয়েছিলেন, তাঁরাই আবার সক্রিয় হতে শুরু করেছেন। ধসের পর সরকারের দিক থেকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় তাঁদের বড় অংশই নিষ্ক্রিয় ছিলেন। কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টিকে তাঁরা বাজারের প্রতি সরকারের ইতিবাচক মনোভাব হিসেবেই নিয়েছেন।বিশ্লেষকদের মতে, বাজার বাড়তে দেখে অনেকেই হারানো পুঁজি ফিরে পাবেন—এ আশায় শেয়ার হাত ছাড়া করতে চাইছেন না। এ কারণে শেয়ারের ক্রয়-চাপ বাড়লেই দ্রুত দাম বেড়ে যায়। এ সুযোগে কিছু কিছু দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারও আবার অতিমূল্যায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি এখনো আতঙ্কিত হওয়ার মতো নেই। কারণ বাজারের গড় মূল্য-আয় অনুপাত (পিই) ১৭ দশমিক ৮০।এর আগে গত জানুয়ারি মাসে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২৩ থেকে ২৪ পিইকে বিনিয়োগযোগ্য উল্লেখ করে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার তিনিই আবার বাজারের সাম্প্রতিক প্রবণতায় উষ্মা প্রকাশ করেছেন।বাজার পরিস্থিতি: গত সপ্তাহে ডিএসইতে ঘুরেফিরে ২৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বাড়ার তালিকায় ছিল ২৪৪টি, কমেছে ২৪টি ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দর।লেনদেনের শীর্ষ ১০: বেক্সটেক্স লিমিটেড, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, এমআই সিমেন্ট, স্যোশাল ইসলামিক ব্যাংক, আরএন স্পিনিং মিলস, বিএসআরএম স্টিলস ও গ্রামীণফোন।দর বাড়ার শীর্ষ ১০: ফেডারেল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, ঢাকা ইন্স্যুরেন্স, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, ওশেন কনটেইনার্স লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, রংপুর ফাউন্ড্রি, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ল্যাম্পস ও গ্রামীণ ওয়ান স্কিম ২।দর কমার শীর্ষ ১০: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, অ্যাপেক্স স্পিনিং, রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিএটিবিসি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।