পুঁজিবাজারে দরপতন অব্যাহত, বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ সোমবার দরপতন অব্যাহত রয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে আজ প্রায় সব প্রতিষ্ঠানের দাম কমেছে। এর ফলে কমেছে সাধারণ সূচক ও লেনদেন। এদিকে অব্যাহত দরপতনে পুঁজি হারিয়ে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা আজ ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল রোববারও দুই স্টক এক্সচেঞ্জে দরপতন হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সূচক ১৩৮ পয়েন্ট পড়ে গেলে বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ডিএসইর সভাপতি শাকিল রিজভীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের পদত্যাগ দাবি করেন।বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় জরুরি বিদ্যুেকন্দ্র স্থাপনের কাজে নিয়োজিত ইশান নামে এক ব্যক্তি ডিএসইর সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় বিনিয়োগকারীরা ওই ব্যক্তি ও তাঁর সহযোগীর ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ বিনিয়োগকারীদের ধাওয়া দিয়ে তাঁদেরকে উদ্ধার করে। পরে বেলা একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।বিনিয়োগকারীরা অভিযোগ করেন, পুঁজিবাজারের কারসাজি তদন্তে গঠিত কমিটি অর্থমন্ত্রীর কাছে জমা দিলেও এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা এবং তদন্ত প্রতিবেদন নিয়ে অর্থমন্ত্রীর নানা মন্তব্যের কারণে বিনিয়োগকারীরা তা প্রকাশ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। একই সঙ্গে অনেক বিনিয়োগকারী প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বাজারে সক্রিয় হতে চাচ্ছেন না। এর ফলে বাজারে বিরূপ প্রভাব পড়ায় দরপতনের ঘটনা ঘটছে। বিনিয়োগকারীরা দ্রুত বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি করেন।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২১২.৩৪ পয়েন্ট বা তিন দশমিক ৪৯ শতাংশ কমে ৫৮৬৩.৯৭ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ১১টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৬১৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৮ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, বেক্সটেক্স, ইউনাইটেড এয়ারওয়েজ, তিতাস গ্যাস, আফতাব অটো, ডেসকো, শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক, মালেক স্পিনিং ও বিএসআরএম স্টিল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ৬১৬.৮৬ বা তিন দশমিক ৬১ শতাংশ কমে ১৬৪৩৩.৭৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে হাতবদল হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ছয়টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে মাত্র একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৮৪ কোটি টাকার লেনদেন হয়।