পুঁজিবাজারে দরপতন অব্যাহত
দরপতনে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। ফলে টানা পাঁচ দিন দরপতনের ঘটনা ঘটল বাজারে। আজ সোমবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন গতকালের চেয়ে কমেছে। তবে সিএসইতে সামান্য বেড়েছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল আজহার ছুটির পর থেকে বাজারে নিম্নমুখী প্রবণতার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ অনেক কমে গেছে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে, যা নিম্নমুখী প্রবণতার পেছনে কাজ করছে বলে মনে করছেন তাঁরা।এ ছাড়া সমপ্রতি একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আবেদন শেষ হয়েছে। ওই কোম্পানিতে ৩০০ কোটি টাকার ওপরে আবেদন পড়েছে। গতকাল থেকে আরেকটি কোম্পানির আইপিওর আবেদন শুরু হয়েছে। এসব কোম্পানিতে টাকা আটকে যাওয়ায় বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে ৪৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট বাড়লেও এরপর থেকে নিম্নমুখী প্রবণতা শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টিরই দাম কমেছে, বেড়েছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন দাঁড়িয়েছে ৩০৯ কোটি টাকায়, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, তাল্লো স্পিনিং, আরএন স্পিনিং, ডেল্টা স্পিনার্স, তিতাস গ্যাস ও ইউসিবিএল প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৭ পয়েন্ট কমে ১৩৪১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯টিরই দাম কমেছে। বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি।