পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে শেয়ার কিনে বাজারকে স্থিতিশীল করার সরকারি নির্দেশের পর মূল্যসূচক বেড়েছিল। তবে এ ধারা দুই দিনের বেশি স্থায়ী হয়নি। তৃতীয় দিন থেকেই সূচক কমতে শুরু করে।এ ধারাবাহিকতায় গতকাল বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক কমেছে। আগের দিন দরপতনের মধ্যে লেনদেন বাড়লেও গতকাল তা-ও কমে গেছে।বাজার বিশ্লেষকেরা বলছেন, রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) দিয়ে শেয়ার কেনানোর উদ্যোগের পর বিনিয়োগকারীরা কিছুটা হলেও আশান্বিত হয়ে উঠেছিলেন।কিন্তু এতে পরপর দুই দিন বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়লে অনেকেই মুনাফা তুলে নিতে তৎপর হন। বিশেষ করে যাঁরা দরপতনের সময় সর্বনিম্ন দামে শেয়ার কিনেছিলেন, এ ক্ষেত্রে তাঁরাই ছিলেন বেশি সক্রিয়।বিশ্লেষকেরা বলছেন, এতে বোঝা যায় বিনিয়োগকারীদের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি। গত দুই মাসের অব্যাহত দরপতনে তাঁরা এতটাই আতঙ্কিত যে একটু লাভেই এখন শেয়ার হাতছাড়া করে দিচ্ছেন।আবার যাঁরা এখনো লোকসান থেকে বেরিয়ে আসতে পারেননি, বিনিয়োগকারীদের এ প্রবণতা তাঁদের বেশি করে আতঙ্কিত করে তুলছে। তাই কোনো এক দিন বিক্রির চাপ একটু বেড়ে গেলে তাঁরা লোকসান দিয়ে হলেও শেয়ার বিক্রি করে দিতে চাইছেন। এই অবস্থা বাজারের স্থিতিশীলতার জন্য বড় বাধা হিসেবে দেখা দিয়েছে বলেও বিশ্লেষকেরা মনে করছেন।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতন থেকে বিনিয়োগকারীদের এ শিক্ষা নেওয়া উচিত যে শেয়ারবাজার স্বল্প সময়ের লাভের জায়গা নয়। কোম্পানির মৌলভিত্তি দেখে ধৈর্য ধরে বিনিয়োগ করলে ভালো মুনাফা করা সম্ভব। ভালো কোম্পানির শেয়ার কিনেও বর্তমানে যাঁরা লোকসানের মুখে পড়েছেন, এক সময় তাঁরাই আবার লাভবান হবেন।ডিএসইতে গতকাল লেনদেনের শুরুতে সাধারণ মূল্যসূচক ১৪২ পয়েন্ট কমে যায়। এরপর একাধিকবার সূচক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও দিন শেষে তা প্রায় ১৫৫ পয়েন্ট কমে ছয় হাজার ১৮ পয়েন্টে নেমে আসে।অপরদিকে, সিএসইতে দিনের লেনদেন শেষে সূচক ৩৯৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৬৫ পয়েন্টে গিয়ে ঠেকেছে। সিএসইতে গতকাল মোট ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির। আর লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকার শেয়ার।গতকাল ডিএসইতে মোট ৫৭৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৮৯ কোটি টাকা কম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির শেয়ারের দাম।