পুঁজিবাজারে দরপতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবারও দরপতনের ধারা অব্যাহত রয়েছে। ঈদের ছুটির পর এ নিয়ে টানা তিন দিন দরপতন হলো। আজ দুই স্টক এক্সচেঞ্জের বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচক কমেছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত ঈদের ছুটির পর বিনিয়োগকারীরা পুনর্বিনিয়োগে সক্রিয় হয়ে থাকেন। তবে গত দুই দিনের লেনদেনে এর প্রভাব দেখা যাচ্ছে না। এ ছাড়া তারল্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক রেপো ও রিভার্স রেপোর সুদের হার বাড়ানোয় এর বিরূপ প্রভাব বাজারে পড়ছে বলে মনে করছেন অনেকে।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৬ দশমিক ২০ পয়েন্ট কমে ৬০৬৫ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে তিন দিনে ১৪৬ পয়েন্ট কমল ডিএসইতে।ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। ২৫ মিনিটের দিকে সূচক ৩৪ পয়েন্ট বেড়ে যায়। তবে এর পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম।লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, যমুনা অয়েল, বেক্সিমকো, ইসলামী ব্যাংক, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, সিএমসি কামাল ও এনবিএল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৭ দশমিক ৯০ পয়েন্ট কমে ১৭১৯০ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে আজ মোট ১৭৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১১টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।