পুঁজিবাজারে দরপতনের কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই পুঁজিবাজারে দরপতনের ঘটনা ঘটেছে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আজ রোববার বাজার পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আলোচনা শেষে এমন মন্তব্য করেছেন ডিএসইর নেতারা।এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী সাংবাদিকদের বলেন, ‘বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে আলোচনা করেছি। পুঁজিবাজারে অস্থিরতার মূল কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতা বেরিয়ে এসেছে। এ ধরনের পরিস্থিতিতে বাজারে পতন হওয়াটাই স্বাভাবিক। আমরা সার্ভিল্যান্স সফটওয়্যারের মাধ্যমে বাজার পরিস্থিতি আরও পরীক্ষা-নিরীক্ষা করব। বিএসইসিও এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। পরে আবারও বাজার নিয়ে কমিশনের সঙ্গে আলোচনায় বসা হবে।’এ বিষয়ে ডিএসইর প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেন, ‘বাজারে অব্যাহতভাবে দরপতন চলছে। আজও বড় ধরনের দরপতন হয়েছে। স্টেকহোল্ডার হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। তাই আমরা বাজার পরিস্থিতি নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেছি।’রকিবুর রহমান বলেন, ‘বাজারে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিএসইসির সঙ্গে আলোচনা করেছি।’ তবে পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতাকেই দায়ী করেন তিনি।বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডিএসইর সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক খাজা গোলাম রসুল, মিজানুর রহমান, মিনহাজ মান্নান ইমন, হানিফ ভূঁইয়া ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভ্রকান্তি চৌধুরী।