পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে চান অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। একই সঙ্গে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বাড়ানো হয়েছে। 

এ ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, ‘আমরা সব সময়ই পুঁজিবাজারের ধস নিয়ে আলোচনা করে থাকি। গত চার বছরের সরকারের কার্যক্রমে পুঁজিবাজার একটি ভালো অবস্থানে পৌঁছেছে। পুঁজিবাজার সম্প্রসারণের লক্ষ্যে আরও কোম্পানিকে আকৃষ্ট করতে চাই।’
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক করহার বা করপোরেট ট্যাক্স সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার আড়াই শতাংশ কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তবে তালিকাভুক্ত সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বেলায় তা পাঁচ শতাংশ বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃহৎ সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা বিএটিবি।
প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ কোনো একজন বিনিয়োগকারী তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে বছরে ২৫ হাজার টাকা লভ্যাংশ বা ডিভিডেন্ড বাবদ আয় করলে কোনো কর দিতে হবে না।
এ ছাড়া কোম্পানি বা অংশীদারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে বিনিয়োগ করে মুনাফা করলে ওই মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধানটি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।
শেয়ারবাজার বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে অর্থমন্ত্রীর যেটুকু ঘোষণা তাতে বিনিয়োগকারীরা নতুন করে বাজারের প্রতি আকৃষ্ট হতেই পারেন। শেয়ারবাজারে বড় ধরনের উত্থান-পতন না ঘটলে ঘোষিত সুবিধা বিনিয়োগকারীদের পক্ষে যাওয়ার কথা।