পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী আহ্বান সিএসইর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গৃহিণী, ছাত্র, ব্যবসায়ীসহ সবাইকে শেয়ারবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ মুহূর্তে দেশজুড়ে ব্রোকারেজ হাউসের শাখা খোলার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেই। তাই ইন্টারনেটের মাধ্যমে সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শেয়ারবাজারের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
দুই দিনের ইন্টারনেট ট্রেড ফেয়ার আয়োজন উপলক্ষে গতকাল মঙ্গলবার সিএসইর ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সিএসইতে ইন্টারনেটভিত্তিক শেয়ার লেনদেনের বিষয়টি জনপ্রিয় ও দেশে-বিদেশে সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে দিতে দুই দিনের এ মেলার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বুধবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দেশে তথ্যপ্রযুক্তির যে প্রসার ঘটেছে, তাতে ব্রোকারেজ হাউসের শাখা খুলে লেনদেন করাটা এখন অর্থবহ নয়। পুরোনো এ ব্যবস্থা ব্রোকারেজ হাউসের জন্যও বাণিজ্যিকভাবে লাভজনক নয়। কিন্তু ইন্টারনেটভিত্তিক লেনদেনের সুযোগকে কাজে লাগিয়ে শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী নিয়ে আসার যথেষ্ট সুযোগ রয়েছে। এ ব্যবস্থা বিনিয়োগকারীদের জন্যও অত্যন্ত সহজ পন্থা। দেশে-বিদেশে যেকোনো প্রান্তে বসে একজন বিনিয়োগকারী এ ব্যবস্থার মাধ্যমে নিজেই শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারবেন। সে ক্ষেত্রে শেয়ার লেনদেনের জন্য বিনিয়োগকারীর অবশ্য বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব থাকতে হবে।
সিএসই জানিয়েছে, ১৯৯৮ সাল থেকে সংস্থাটিতে ইন্টারনেট লেনদেনের ব্যবস্থাটি চালু থাকলেও নানা কারণে সেটি জনপ্রিয় হয়নি। এখন ওই ব্যবস্থা অনেক বেশি সহজ ও ব্যবহারের উপযোগী হয়েছে। তাই এ ব্যবস্থাটিকে জনপ্রিয় করার পাশাপাশি পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারী আনতে প্রথমবারের মতো ইন্টারনেট মেলার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে শেয়ারবাজার ধসের আগেও দেশের বিভিন্ন জেলায় ব্রোকারেজ হাউসের শাখা খুলে সারা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে শেয়ারবাজারের সঙ্গে যুক্ত করা হয়। এতে করে বাজারে চাহিদা ও জোগানের মধ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা দেখা দেয়। ফলে পরবর্তী সময়ে বাজারে ধস নামে।
এবারের আয়োজনের ফলে দেশের আনাচকানাচে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেয়ারবাজারে ছুটে এলে তাতে বাজারে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কি না—এমন প্রশ্ন ছিল সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, ২০১০ সালের ধসের প্রধান কারণ ছিল ব্যাংকগুলোর সীমার অতিরিক্ত বিনিয়োগ এবং হঠাৎ করে বিপুল মুনাফাসহ ওই বিনিয়োগ তুলে নেওয়া। কিন্তু এখনকার বাজারে সেই পরিস্থিতি নেই। ব্যাংকগুলোর সীমার অতিরিক্ত বিনিয়োগ নেই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনের মেলায় আগতদের জন্য প্রতিদিন র্যাফল ড্রর ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন পাঁচজন করে ১০ জনকে পুরস্কৃত করা হবে।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক জানান, সংস্থাটির বর্তমান দৈনিক লেনদেনের মধ্যে চার-পাঁচ কোটি টাকা ইন্টারনেট লেনদেন থেকে আসে।
সংবাদ সম্মেলনের শেষ ভাগে এসে যোগ দেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।