পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে কম হয়েছে। গত দুই দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।বাজার-সংশ্লিষ্টরা বিষয়টি স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। তাঁদের মতে, বাজারে উত্থান-পতন থাকবে, যা স্বাভাবিক নিয়ম। এর মধ্যে সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। তাঁরা বলছেন, গত দুই দিন সূচক বেশ বেড়েছে। এ অবস্থায় সূচক কমার বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৬.৫৫ পয়েন্ট কমে ৫৪৬৬.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩৩ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক বাড়ার হার কমলেও আধা ঘণ্টায় ৩৭ পয়েন্ট বেড়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে সূচকের তীর নিম্নমুখী হয়, যা একাধিকবার ওঠা-নামা করলেও সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৪টির দাম বেড়েছে। কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২৯ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এনবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, আফতাব অটো, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট ও ফু-ওয়াং সিরামিকস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৭.৪২ পয়েন্ট কমে ১৫৪৭৮.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দাম বেড়েছে। কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম।