পুঁজিবাজারে পতন অব্যাহত, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের প্রথম দিনে আজ মঙ্গলবার পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই আজ প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় সূচকেরও পতন হয়েছে। আর টানা দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত ছয় কর্মদিবসের ধারাবাহিকতায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১০২ পয়েন্ট কমে যায়। এতে আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসইর সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে পুঁজিবাজার রক্ষায় তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাও করেন।এদিকে বেলা দেড়টায় ডিএসইতে লেনদেন শেষ হলে বিভিন্ন হাউস থেকে বের হয়ে আরও অনেক বিনিয়োগকারী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। একপর্যায়ে ডিএসইর সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবার ডিএসইর সামনে গিয়ে বেলা দুইটার দিকে শেষ হয়।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে বিক্ষোভ চলাকালে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।এ দিকে গত ছয় দিনের টানা দরপতনের ধারা আজও অব্যাহত রয়েছে। আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৭৪.৬৫ পয়েন্ট কমে ৬,১৯২.৯৪ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে চলে বেলা দেড়টা পর্যন্ত। এ সময় সূচক বারবার ওঠানামা করে। তবে এক ঘণ্টা শেষে সূচক দ্রুত কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ১২টি প্রতিষ্ঠানের শেয়ারে দাম। আর কমেছে ২৪১ টির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৮৪২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬৩ কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আরএন স্পিনিং, বেক্সিমকো, গ্রামীণফোন, এনবিএল, এমআই সিমেন্ট, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, মালেক স্পিনিং ও সামিট পাওয়ার।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৪১.৪১ পয়েন্ট বা ২.৪৪ শতাংশ কমে ১৭৫৮৭.৭৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ১১টির ও কমেছে ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৮৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৬ কোটি টাকা কম।