পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজ রোববারও নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারেই।

ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক দেড় শতাংশ অর্থাত্ ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯১৯ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২০১টির দাম কমেছে, বেড়েছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ২২০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৮৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে  ৪০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি বিএসসিসিএল। আজ প্রতিষ্ঠানটির ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, গ্রমীণফোন, পদ্মা অয়েল, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ ফাইন, বঙ্গজ, বিএসসি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১৮৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দাম কমেছে, বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার সিএসইতে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।