পুঁজিবাজারে পেশাদারত্ব এখনো তেমন বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: দেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যায়ন কী? মোহাম্মদ এ হাফিজ: পুঁজিবাজারের নিজস্ব একটি চরিত্র আছে। এদিক বিবেচনায় আমাদের বাজার ধীরে ধীরে একটি পরিণত বাজারে রূপ নিতে চলেছে। তবে এখনো অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার সম্পর্কে সঠিক ধারণা না নিয়েই বিনিয়োগ করছেন। এ কারণে তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অংশগ্রহণকারীর দিক থেকে বাজার এখন অনেকটা পরিণত হলেও আচরণগত দিক থেকে তেমন পরিণত নয়। এখনো এই বাজারে সব মহলে পেশাদারত্বের যথেষ্ট অভাব রয়েছে।প্রথম আলো: এই মুহূর্তে বাজারের প্রধান সমস্যা কী বলে মনে হয় আপনার?মোহাম্মদ এ হাফিজ: এই মুহূর্তে বাজারের সবচেয়ে বড় সমস্যা ‘আত্মবিশ্বাস’। যখন আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়, তখনই বাজারে অস্বাভাবিক আচরণ দেখা যায়। এ কথা ঠিক, ২০১০ সালের পুঁজিবাজার ধসের পর অনেক সংস্কার হয়েছে। নতুন ও ভালো কিছু আইন হয়েছে। তা সত্ত্বেও মাঝেমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে এমন কিছু পরামর্শ বা সুপারিশ করা হয়, যার পেছনে পেশাদারত্বের কোনো ছাপ থাকে না। কারও কারও অপেশাদারি কর্মকাণ্ড বা আচরণ বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।প্রথম আলো: বারবার আপনি পেশাদারত্বের কথা বলছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কতটা পেশাদারি আচরণ করছে? মোহাম্মদ এ হাফিজ: আমি বলব না শেয়ারবাজার-সংশ্লিষ্ট সব কটি প্রতিষ্ঠানই পেশাদারি আচরণ করছে। সংখ্যার দিক থেকে আমাদের বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আগের চেয়ে বাড়লেও পেশাদারত্ব তেমনটা বাড়েনি। এ কারণে অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও মাঝেমধ্যে চরম অপেশাদারি আচরণ করে। মাঝেমধ্যে তাই মনে হয়, এত কিছুর পরও আমাদের সঠিক শিক্ষাটা আসলে কবে হবে। যাদের কাছ থেকে সাধারণ বিনিয়োগকারীদের শেখার কথা, তারাই যখন অপেশাদার আচরণ করে, তখন বিষয়টি গভীরভাবে ভাবায়। সব কটি প্রতিষ্ঠানই যদি পেশাদারি আচরণ করত, তাহলে তালিকাভুক্ত কিছু কিছু কোম্পানির শেয়ারের দাম কখনো অস্বাভাবিক পর্যায়ে যেত না বলেই আমার বিশ্বাস।প্রথম আলো: শেয়ারবাজার ধসের জন্য অনেকে মার্চেন্ট ব্যাংকগুলোকে দায়ী করেন। আপনি কি এর সঙ্গে একমত? মোহাম্মদ এ হাফিজ: অনেক আলোচনা, সভা-সেমিনারে শেয়ারবাজার ধসের জন্য মার্চেন্ট ব্যাংককে দায়ী করা হয়। যাঁরা এটি করেন, তাঁরা সঠিকভাবে না জেনে, না বুঝেই করেন। মার্চেন্ট ব্যাংকগুলো সহযোগী বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে রূপ নেওয়ার আগে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে। পরবর্তী সময়ে এসব মার্চেন্ট ব্যাংককে যখন সহযোগী প্রতিষ্ঠান ঘোষণা করা হয়, তখন দেখা গেল মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগ-ক্ষমতা অনেক কমে গেছে। একক গ্রাহক ঋণসীমার আওতায় পড়ে মার্চেন্ট ব্যাংকগুলোর অর্থ সংগ্রহের পথও অনেক সংকুচিত হয়ে পড়ে। মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে অনেক ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানই শেয়ারবাজার থেকে অনেক মুনাফা তুলে নিয়ে গেছে। আর তার দায় বহন করতে হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলোকে। এ কারণে আমরা মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব আর্থিক কাঠামো শক্তিশালী করার দাবি জানাচ্ছি। প্রথম আলো: শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়টি এখনো অনেক মার্চেন্ট ব্যাংক কার্যকর করেনি। এ ব্যাপারে বিএমবিএর পক্ষ থেকে আপনারা কী কী উদ্যোগ নিয়েছেন? মোহাম্মদ এ হাফিজ: ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোই এগিয়ে রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। বাস্তবতা হলো, সুদ মওকুফের সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে অনেকগুলো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক সময় অনেক বিনিয়োগকারীকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় মার্চেন্ট ব্যাংকের কোনো বিনিয়োগকারী যদি সুদ মওকুফ সুবিধা না পেয়ে থাকেন, তাহলে তাঁরা বিএমবিএর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ ব্যাপারে বিএমবিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রথম আলো: মার্চেন্ট ব্যাংকের অমনিবাস (নন ডিসক্রিশনারি) হিসাব পৃথক বিও-তে স্থানান্তরের বিষয়টি সবাই পরিপালন করেছে কি?মোহাম্মদ এ হাফিজ: আমার জানামতে, অধিকাংশ প্রতিষ্ঠানই নির্ধারিত সময়ে এ কাজটি সম্পন্ন করেছে। কিছু কিছু ক্ষেত্রে কারিগরি কারণেই হয়তো কিছু ব্যতিক্রম ঘটতে পারে। এ ক্ষেত্রে বিএসইসির নির্দেশনা পরিপালনে মার্চেন্ট ব্যাংকগুলো সচেষ্ট। তবে আমি মনে করি, কোনো মার্চেন্ট ব্যাংকের এ ক্ষেত্রে কোনো সমস্যা হলে বিএসইসি সেটি বিবেচনা করবে। [সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন]