পুঁজিবাজারে ফের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের অস্থিরতা কমছে না। কয়েক দিনের টানা দরপতনের পর এক দিন শেয়ারের দাম বাড়লেও সেই ধারা টেকসই হচ্ছে না। এ কারণে বিনিয়োগকারীদের অনেকের আত্মবিশ্বাসে চিড় ধরছে। বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেকেই আবার লেনদেনে নিষ্ক্রিয় রয়েছেন। বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি অর্থবছরে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার পর থেকে বাজার ঊর্ধ্বমুখী ধারায় ফেরে। জুলাই মাসের বেশির ভাগ সময়জুড়েই বাজারে চাঙ্গাভাব ছিল। তবে ওই মাসের শেষ সপ্তাহ থেকে বাজারে মূল্য সংশোধন শুরু হয়। কিন্তু বাজারের নানা গুজব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে স্বাভাবিক মূল্য সংশোধনকে অনেকটা অস্বাভাবিক পতনে রূপ নেয়। যোগাযোগ করা হলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘বাজেট ঘোষণার পর কোনো রকম মূল্য সংশোধন ছাড়াই বেশ কিছুদিন বাজার একটানা বেড়েছিল। সূচক বেড়েছিল প্রায় দেড় হাজার পয়েন্ট। এতে বাজারে মূল্য সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। জুলাই মাসের শেষে এসে সেটি ঘটতে থাকে। কিন্তু রমজানের প্রভাব, বিশ্ব বাজারে মন্দা ও কিছুসংখ্যক বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা করার খবরে সেটি পতনে রূপ নেয়।’ এদিকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিনিয়োগকারীদের ভীত না হওয়ার ও ধৈর্য ধরার পরামর্শ দেওয়ার পর সোমবার বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছিল। তার পরও গতকাল মঙ্গলবার দিনশেষে বাজারে দরপতন ঘটে। যদিও দিনের শুরুতে ছিল মূল্যসূচকের ঊর্ধ্বগতি। লেনদেন চলাকালেই এসইসির কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করার ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই খবরে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার নেতিবাচক প্রভাব দেখা যায় বাজারে।