পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে
ঢাকার পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ। চলতি বছরের প্রথম দশ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পাশাপাশি বেড়েছে বিনিয়োগের পরিমাণও। গত ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে এক হাজার তিন কোটি তিন লাখ টাকা। অর্থাৎ ১৬ দশমিক ৩৬ শতাংশ। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম ১০ মাসে ডিএসইতে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা প্রায় ৭ হাজার ১৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছেন। যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ৬ হাজার ১৩০ কোটি ৫৫ লাখ টাকা। এ ছাড়া চলতি বছর বিক্রির চেয়ে ক্রয় বেশি করেছেন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা। এ সময় বিনিয়োগকারীরা প্রায় ৩ হাজার ৯৬৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেছেন এবং বিক্রি করেছেন প্রায় ৩ হাজার ১৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন বর্তমানে, আপাত স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা এসেছে, যার প্রভাব পড়তে দেখা গেছে পুঁজিবাজারে।
ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক মো. হেলাল বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, চীনের মতো বড় দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বাজার সম্পর্কে আস্থা বাড়াচ্ছে। বাংলাদেশের পুঁজিবাজারে অনেক ভালো শেয়ারের দাম এখন কম, এ ছাড়া দেশের বাইরে বিনিয়োগে ‘রিটার্ন’ কম পাওয়া যায়। তাই বিদেশি ও প্রবাসীরা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।
বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসছে বলে জানালেন ডিএসইর পরিচালক শাকিল রিজভীও। তিনি বলেন, ‘এই বিদেশি এবং প্রবাসী বিনিয়োগ বাড়ার কারণেই গেল কয়েক মাস ধরে ইনডেক্স বাড়তে দেখছিলাম আমরা। বিনিয়োগকারীরা বাজার পর্যবেক্ষণ করেন, মার্কেটে শেয়ারের দাম কম থাকলে তারা বিনিয়োগ করেন। এ ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, টাকার দাম বাড়লে বিনিয়োগকারীদের পুঁজিবাজার নিয়ে আস্থা বাড়ে।’