তালিকাভুক্ত নয় এমন আর্থিক প্রতিষ্ঠানও বিশেষ তহবিল গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। তবে এই বিনিয়োগের পরিমাণ আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি হতে পারবে না।
বিকল্প বিনিয়োগের লক্ষ্যে এই তহবিল গঠনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসসি) নিবন্ধন নিতে হবে। একইভাবে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। সাধারণত এ ধরনের তহবিল ‘অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড’, ‘স্পেশাল পারপাস ভেহিকল’ বা সমজাতীয় কোনো তহবিলে সংরক্ষণ করা হয়।
গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, বিনিয়োগকৃত তহবিল সংশ্লিষ্ট বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানের কোনো শেয়ার/ডিবেঞ্চার/বন্ড বা অন্য কোনো ইন্সট্রুমেন্ট বা বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে না। এ ছাড়া অপর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ওপর ওই তহবিলের কোনো ধরনের আর্থিক দাবি নেই এবং ভবিষ্যতে এ ধরনের দাবি সৃষ্টি হতে পারে, এমন কোনো বিনিয়োগেও তহবিলে ব্যবহার করা যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ধরনের একক কোনো তহবিলে কোনো আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অথবা প্রস্তাবিত তহবিলের মাধ্যমে সংগ্রহ করা অর্থের ২০ শতাংশ—এই দুয়ের মধ্যে যা কম, তার বেশি হবে না।