পুঁজিবাজারে বিশেষ প্রণোদনার দাবি বিনিয়োগকারীদের
২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার বেলা একটার দিকে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন করেন তাঁরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
বিনিয়োগকারীদের দাবির মধ্যে রয়েছে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট ও বাইব্যাক আইন পাস করা; বাজেটে বিনিয়োগকারীদের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ; ব্যাংকঋণে জর্জরিত বিনিয়োগকারীদের সুদ মওকুফ; অস্থিতিশীল বাজারে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করা; পরিচালকদের এককভাবে ২ শতাংশ শেয়ার ধারনের সময়সীমা ৩০ জুনের মধ্যে সমাধান করা; পুঁজিবাজারে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ বন্ধ করা; তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর কমানো, বিনিয়োগকারীদের করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি প্রভৃতি।
মানববন্ধনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ বেশ কিছু সাধারণ বিনিয়োগকারী অংশ নেন।
মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘আমরা পুঁজিবাজারের স্বার্থে অনেক আগে থেকে এসব দাবি জানিয়ে আসছি। আশা করি, অর্থমন্ত্রী আমাদের দাবিগুলো আমলে নেবেন এবং বাজেট পাসের পর তার প্রতিফলন দেখতে পাব।’