পুঁজিবাজারে বেড়েছে লেনদেন ও সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই দিনের ধারাবাহিকতায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবারও মূল্যসূচক বেড়েছে। আর টানা তৃতীয় দিনের মতো মূল্যসূচক বাড়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরছে বলে মনে করা হচ্ছে। এর প্রভাবে বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজারের স্থিতিশীলতা ফেরাতে বড় ধরনের তহবিল ঘোষণার পর থেকে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করে। পরবর্তী সময়ে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ মিউচুয়াল ফান্ডের ঘোষণা দেওয়ায় এ আস্থা আরও জোরদার হয়েছে। মূলত এ কারণেই দরপতনের ধারার বিপরীতে বাজার আবার বাড়তে শুরু করেছে। এ অবস্থায় বাজারের স্থিতিশীলতার স্বার্থে বিনিয়োগকারীদের উচিত সংযমের সঙ্গে বিনিয়োগ করা। বিশেষজ্ঞরা আরও বলেন, বাজার একটু বাড়তে থাকলে বিনিয়োগকারীরা ভালো-মন্দ বিবেচনা না করে সব ধরনের শেয়ার কিনতে থাকেন। আবার কমতে থাকলে বিক্রি করতে শুরু করেন। এ আচরণ বাজারের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তাই বিনিয়োগের ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীদের উচিত ভালো মৌলভিত্তির কম মূল্য-আয় অনুপাতের (পিই) শেয়ার কেনা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, গতকাল লেনদেনের আধা ঘণ্টার মধ্যে ডিএসইর সাধারণ সূচক ১৯১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কিছুটা কমলেও কিছুক্ষণের মধ্যে আবার ঘুরে দাঁড়ায়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সূচক ২৪৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭৮০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে তিন দিনে ডিএসইর সূচক বাড়ল প্রায় ৪৮৭ পয়েন্ট।অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষে সূচক ৬৯২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে সাতটির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি টাকার শেয়ার।ডিএসইতে ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আর স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৮২১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৫৭ কোটি টাকা বেশি।