পুঁজিবাজারে বৈচিত্র্য আনা হচ্ছে
দেশের পুঁজিবাজারে পণ্য-সেবায় বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ জন্য পুঁজিবাজারে ডেরিভেটিভ, পণ্য বাজার (কমোডিটি মার্কেট) ও নিকাশ সংস্থা (ক্লিয়ারিং করপোরেশন) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ জন্য পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে।
বিএসইসির গত মঙ্গলবার অনুষ্ঠিত ৫১২তম সভায় এসব কমিটি গঠন করা হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া একই সভায় নতুন একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে একটি মার্চেন্ট ব্যাংককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসইসি জানিয়েছে, ডেরিভেটিভ বাজার প্রতিষ্ঠার সম্ভাব্যতাসহ সার্বিক বিষয় বিবেচনার জন্য সংস্থাটির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুজন হলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও ফারহানা ফারুকী।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে তিন সদস্যের ক্লিয়ারিং করপোরেশন-বিষয়ক কমিটি। এই কমিটির অপর দুজন হলেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও পরিচালক প্রদীপ কুমার বসাক।
বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে তিন সদস্যের কমোডিটি মার্কেট-সংক্রান্ত কমিটি। এই কমিটির অপর দুজন কর্মকর্তা হলেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মনসুর রহমান।
সার্বিক বিষয় বিবেচনা করে কমিটিগুলোকে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে কত দিনের মধ্যে এ প্রতিবেদন জমা দিতে হবে, সেই বিষয়ে কমিশন কিছুই জানায়নি। কমিশন-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সভার সিদ্ধান্ত অফিস আদেশ হিসেবে জারি হওয়ার দিনই তাতে এই সময়সীমা উল্লেখ করা হবে।
আইপিও: এদিকে খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং নামে নতুন একটি কোম্পানির আইপিও আবেদন অনুমোদন করেছে বিএসইসি। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে চার কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় কোম্পানিটি ব্যাংকের ঋণ শোধ, আইপিও খরচ সংস্থান ও চলতি মূলধন হিসেবে কাজে লাগাবে। ২০১৩ সালের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে দুই টাকা ৮২ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনালি ইনভেস্টমেন্ট।
এ ছাড়া গতকালের সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি ঋণযোগ্য শেয়ারের বিপরীতে বেশ কিছু গ্রাহককে ঋণ সুবিধা দিয়ে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে।