পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের নিম্নসীমা বেঁধে দেওয়া সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সর্বনিম্নসীমা বেঁধে দেওয়ার দাবি তুলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর সভাপতি রকিবুর রহমানের নেতৃত্বে স্টক এক্সচেঞ্জের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করে এই দাবি তোলেন। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, আইনত সেটা করার কোনো সুযোগ তাদের নেই। প্রসঙ্গত, বর্তমান ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে কোনো ব্যাংক তার মোট দায়ের সর্বোচ্চ ১০ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ অনুসারে কোনো আর্থিক প্রতিষ্ঠান তার পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আরও ২৫ শতাংশ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে।বিশ্বব্যাপী মুদ্রাবাজারের স্বল্প সময়ের আমানত শেয়ারবাজারের মালিকানার সঙ্গে যুক্ত হওয়ার বিপক্ষে মতামত আসছে। ক্রমশ শেয়ারবাজারের ফাটকা (স্পেকুলেটিভ) ব্যবসায় থেকে ব্যাংক আমানত দূরের রাখার জন্য ব্যাসেল কমিটি সুপারিশ করছে।সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে গতকাল ডিএসই স্টক ডিলারদের ঋণসীমা বাড়ানো ও ব্যাংকগুলোর নিজস্ব সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান হিসেবে মার্চেন্ট ব্যাংককে এর আগে দেওয়া মার্জিন ঋণের টাকা মূলধনের (ইকুইটি) রূপান্তরের দাবি তোলে।ডিএসইর এই প্রস্তাব দুটি পরীক্ষা-নিরীক্ষা করে করণীয় ঠিক করার বিষয়ে আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এই বৈঠকে পুঁজিবাজার সমন্বয় কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন, এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফায়েকুজ্জামান, ডিএসইর সহসভাপতি আহমেদ রশীদ লালী ও শাজাহান খান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. এ হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে আসা বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। ডিএসইর পক্ষ থেকে স্টক ডিলারদের ঋণসীমা এক কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব এসেছে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণের টাকা ইকুইটিতে রূপান্তরের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।কাজী আকরাম বলেন, কখনো কখনো শেয়ারবাজারে খারাপ সময় আসে। তবে বর্তমান পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কেননা, নতুন যেসব প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আসছে তা আর নিচের দিকে নামছে না। তার পরও এই বাজারকে কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।