পুঁজিবাজারে ব্যাপক দরপতন
দেশের পুঁজিবাজারে আজ সোমবার ব্যাপক দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির দরপতন হয়েছে। এর ফলে সূচকের ব্যাপক পতন হয়েছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আজ ৫০০০ পয়েন্টের নিচে নেমে এসেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মুদ্রাবাজারে সুদের হারের যে সীমা ছিল, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তা তুলে দেওয়া এবং অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গতকাল জারি করা প্রজ্ঞাপন বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে, যা দরপতনের অন্যতম কারণ।এ ব্যাপারে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী বলেন, এমনিতেই পুঁজিবাজারে তারল্যসংকট বিরাজ করছে। এ অবস্থায় মুদ্রাবাজারে সুদের হার বেড়ে যাওয়ায় পুঁজিবাজার থেকে মুদ্রাবাজারে অর্থ চলে যাচ্ছে। এর ফলে অনেকে মুদ্রাবাজারে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন, যা পুঁজিবাজারে দরপতনের অন্যতম কারণ। এ ছাড়া এনবিআরের গতকাল জারি করা প্রজ্ঞাপনও বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে। এই দুটি বিষয় মূলত দরপতন ত্বরান্বিত করেছে বলেও মনে করেন তিনি। এ অবস্থায় এনবিআরের পক্ষ থেকে বিষয়টি ব্যাখ্যা দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.৩৩ শতাংশ বা ১৬৭.৬৯ পয়েন্ট কমে ৫০০০ পয়েন্টের নিচে নেমে ৪৮৬৪.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর সর্বশেষ সূচক ৪৯৯৬ পয়েন্টে নামে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ১২৫ পয়েন্ট কমে যায়। সূচকের নিম্নমুখী এই প্রবণতা সারা দিন অব্যাহত থাকে।আজ ডিএসইতে মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১০টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৩১৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭১ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, এনবিএল, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল, সোস্যাল ইসলামী ব্যাংক, আফতাব অটো, কেয়া কসমেটিকস ও ফু-ওয়াং সিরামিকস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৩৪.৬০ পয়েন্ট কমে ১৪০২৯.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৭টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ছয়টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা বেশি।