পুঁজিবাজারে ব্যাপক দরপতন, ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ রোববার আবারও বড় ধরনের দরপতনের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের সড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্তাব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।বিনিয়োগকারীরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল কারসাজির মাধ্যমে শেয়ারবাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তাঁরা বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র কাজী কৌশিক আহমেদ বলেন, ‘মা-বাবার কাছ থেকে আমি প্রায় ১০ লাখ টাকা নিয়ে শেয়ার ব্যবসা শুরু করি। এখন আমার পোর্টফোলিওতে প্রায় চার লাখ টাকা নাই হয়ে গেছে।’ তিনি আরও জানান, বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে মাত্র কয়েক দিন পর। এ অবস্থায় বাজারের অস্থিতিশীলতা আমাদের দেশের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলবে।কৌশিক আরও জানান, তাঁর মতো আরও অনেক ছাত্র পড়াশুনার পাশাপাশি শেয়ার ব্যবসা করেন। বর্তমানে তাঁদের সবার প্রায় একই অবস্থা।একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন মো. মোখলেছুর রহমান। দীর্ঘদিন ধরে তিনি শেয়ার ব্যবসা করছেন। তিনি জানান, ১০ বছরে তিনি যা লাভ করেছেন, গত এক মাসে তাঁর ক্ষতির পরিমাণ লাভের দ্বিগুণ। তাঁর মতে, শেয়ারবাজারের অস্থিতিশীলতা দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। একই মতামত ব্যক্ত করেছেন বিনিয়োগকারী আমির হোসেন, হাফিজুর রহমান, নুর মামুন সরকার ও আবদুল্লাহ আল মামুন।তবে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণে বারবার বড় ধরনের দরপতনের ঘটনা ঘটছে।ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, আজকের দরপতন গত কয়েক দিনের অব্যাহত ধারা ছাড়া আর কিছুই নয়। আর এটা সাধারণত বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা হারানোর কারণে হচ্ছে। এর ফলে বিনিয়োগকারীরা এই মুহূর্তে বিনিয়োগ করতে চাচ্ছেন না। এখন তাঁরা বাজার কোন দিকে যায়, সে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।তবে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই মুহূর্তে সরকারের ব্যাপক সহযোগিতা দরকার। সরকারের উচিত ফান্ড তৈরি করে বাজারে খাটানো। এতে করে বাজার ঘুরে দাঁড়তে পারে বলে তিনি মনে করেন। তবে বিষয়টি একান্তই সরকারের ব্যাপার।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দরপতনের মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৯৭ পয়েন্ট নেমে যায়। এতে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিভিন্ন ভবন থেকে রাস্তার ওপর ইট, কাঠ ও পানির বোলত ছোড়েন। বিনিয়োগকারীরা ডিএসইর সামনের রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ চলাকালে এক বিনিয়োগকারীকে পুঁজি হারিয়ে সড়কের মাঝখানে গলায় তার পেঁচিয়ে প্রতীকী ফাঁস নিতে দেখা যায়। বিনিয়োগকারীদের বিক্ষোভ মিছিলে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ডিএসইর মূল ভবনের সামনে বেশ কিছু পুলিশ থাকলেও তাদেরকে নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। প্রায় চার ঘণ্টা ডিএসইর সামনের সড়ক অবরোধ থাকার পর বিকেল পৌনে চারটার দিকে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।বাজার পরিস্থিতি: আজ লেনদেনের শুরু থেকেই ডিএসইর সাধারণ মূল্যসূচক কমতে শুরু করে, যা দিনভর অব্যাহত ছিল। লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক ১৭৭ পয়েন্ট কমে যায়। দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ৪০৬.২৮ পয়েন্ট কমে ৬৭১৯.০৪ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৩টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে চারটির। ডিএসইতে আজ ৭০৫ কোটি টাকা লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ১৮৩ পয়েন্টের পতন হয়। এ নিয়ে গত দুদিনে ৫৯০ পয়েন্টের পতন হলো। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১০৮০.১০ পয়েন্ট কমে ১৯২১২.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র পাঁচটির এবং কমেছে ১৮৯টি প্রতিষ্ঠানের। আজ স্টক এক্সচেঞ্জটিতে ১০৪ কোটি টাকার লেনদেন হয়।ডিএসই সূত্রে আজ লেনদেনে শীর্ষ ১০টি কোম্পানি হলো—ইউসিবিএল, গ্রামীণফোন, এনবিএল, বেক্সিমকো, তিতাস গ্যাস, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, বে-লিজিং ও সাউথইস্ট ব্যাংক।