পুঁজিবাজারে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে গতকাল সোমবার বড় ধরনের দরপতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেন।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারের কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন পেশ করলেও সরকার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তাই বিনিয়োগকারীদের মধ্যে প্রতিবেদন নিয়ে দ্বিধা রয়েছে।আবার অনেকে বলছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে বাজারে আবার বড় ধরনের দরপতন হতে পারে বলে আতঙ্কে রয়েছেন অনেক বিনিয়োগকারী। এসব দ্বিধাদ্বন্দ্ব গতকালের বাজারে দরপতনের প্রধান কারণ ছিল বলে মনে করা হচ্ছে।নাসিরুজ্জামান নামের এক বিনিয়োগকারী বলেন, এ মুহূর্তে বিনিয়োগকারীরা কী করবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দিলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে।আবদুর রাজ্জাক নামের আরেক ব্যক্তি বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে বাজারে বিরূপ প্রভাব পড়ে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আর এ কারণে অনেক বড় বড় বিনিয়োগকারী বাজার থেকে দূরে রয়েছেন। আবার অনেক বড় বড় বিনিয়োগকারীর নাম তদন্ত প্রতিবেদনে থাকায় তাঁরা বাজারে সক্রিয় হচ্ছেন না। গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৯৩ দশমিক ৮২ পয়েন্ট কমে ছয় হাজার ২৬২ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৭টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের। ডিএসইতে গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ২২৪ কোটি টাকা, যা গত রোববারের চেয়ে ৬৫ কোটি টাকা কম।ডিএসইতে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, তিতাস গ্যাস, আফতাব অটো, বেক্সটেক্স, বিএসআরএম স্টিল, ডেসকো, স্কয়ার ফার্মা, বে-লিজিং, অলিম্পিক ও ফু-ওয়াং সিরামিকস।গতকাল সবচেয়ে বেশি বেড়েছে চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম। এ ছাড়া আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ-১ স্কিম-২ মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইনস্যুরেন্স, দেশ গার্মেন্টস, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, কোহিনূর কেমিক্যাল ও বাংলাদেশ শিপিং করপোরেশন দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।গতকাল সবচেয়ে বেশি দাম কমেছে এক্সিম ব্যাংকের শেয়ারের। এ ছাড়া সামিট পাওয়ার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সিএমসি কামাল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়ার সার্ভিসেস, লিগাসি ফুটওয়্যার, নর্দার্ন জুট মিলস, আনলিমা ইয়ার্ন ও রংপুর ফাউন্ড্রি দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।অন্যদিকে গতকাল সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৫৩ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৭২ দশমিক শূন্য ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১২৩ কোটি টাকার।আজ প্রতিবাদ সভা: পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ জন্য সংগঠনটি আজ মঙ্গলবার বেলা আড়াইটায় ডিএসইর কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করবে। গতকাল সংগঠনটির আহ্বায়ক মিজান-উর-রশিদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রচারপত্রে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং এসইসির অদক্ষ কর্মকর্তা, বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।