পুঁজিবাজারে বড় দরপতন, লেনদেনও কম
দেশের পুঁজিবাজারে আজ রোববার দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ২.২২ শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ২.০৭ শতাংশ। এর পাশাপাশি দুই বাজারেই লেনদেন কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১০৩ পয়েন্ট কমে ৪৫৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে যায়। আর ২০ মিনিটে সূচক কমেছিল ৮ পয়েন্ট। আর আধা ঘণ্টায় সূচক বেড়েছিল ৩২ পয়েন্ট। এভাবে শুরুতে কয়েকবার ওঠানামার পর নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টিরই দাম কমেছে, বেড়েছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ৫২৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৩৯ কোটি টাকা কম।এ সময় ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, ইউসিবিএল, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, বেক্সিমকো, সিএমসি কামাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৯২ পয়েন্ট কমে ১৩৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২টিরই দাম কমেছে। বেড়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা কম।এদিকে, আজ লেনদেন চলাকালে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টে কিছু সময় লেনদেন বন্ধ ছিল। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিডিবিএল ভবনে বিদ্যুত্ বিভ্রাট দেখা দেয়। এ সময় নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদ্যুত্ ব্যবস্থা চালু রাখা হয়। জেনারেটরে সমস্যা দেখা দেওয়ায় দুপুর ১২টার দিকে ১০ মিনিটের জন্য লেনদেন বন্ধ ছিল। তবে এতে লেনদেনে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি বলে মনে করেন তিনি।