পুঁজিবাজারে বড় দরপতন
পুঁজিবাজারে আজ বুধবার বড় ধরনের দরপতন হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৬০ পয়েন্ট কমেছে। সঙ্গে কমেছে লেনদেন হওয়া দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দিনভর একই চিত্র দেখা গেছে।আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক ১৬০ দশমিক ১১ পয়েন্ট কমে ৫৬৪৯ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় হাতবদল হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টির দাম বেড়েছে, কমেছে ২৩০টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৫৪ পয়েন্ট কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সূচক আরও কমতে থাকে। সূচক কমার এ ধারা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, মালেক স্পিনিং, এনবিএল, ইউসিবিএল, ইসলামী ব্যাংক ও ফার্মা এইড। সিএসইতে আজ (সিএসই) সিএসসিএক্স সূচক ৩১৩ দশমিক ১১ পয়েন্ট কমে ১০২৪৪ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। হাতবদল হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির দাম বেড়েছে, কমেছে ১৭৫টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে।