পুঁজিবাজারে বড় দরপতন
দেশের পুঁজিবাজারে আজ সোমবার দরপতন হয়েছে। দুই বাজারেই লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের বড় ধরনের পতন হয়েছে।এ ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি নিয়ে আজ বাজারে গুজব ছিল যে মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব হচ্ছে না। বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও হতাশার সৃষ্টি করেছে। ফলে অনেকে নিজের হাতে থাকা শেয়ার বিক্রি করতে শুরু করেন। ফলে বিক্রির চাপ বেড়ে যাওয়া দরপতন ত্বরান্বিত হয়। তবে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।ফখরউদ্দিন আরও বলেন, বর্তমানে বাজারের অবস্থা মোটেও খারাপ নয়। কেননা এর আগে বেশ কয়েক দিন সূচক ও লেনদেন বেড়েছিল। সুতরাং এটা কমবে, আবার বাড়বে এটাই স্বাভাবিক। বিনিয়োগকারীদেরও মনস্তাত্ত্বিকভাবে বিষয়গুলো মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৬৪.০৭ পয়েন্ট কমে ৫২৫৩.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৭ পয়েন্ট বেড়ে যায়। তবে ২০ মিনিটে সূচক ২৩ পয়েন্ট কমেছিল। এভাবেই ওঠানামা করে সূচক। বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের তীর নিম্নমুখী হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৫টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১২টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৩৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৭ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, এনবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, বিকন ফার্মা, বেক্সিমকো, ফু-ওয়াং সিরামিকস, আরএন স্পিনিং, আফতাব অটো ও গোল্ডেন সন।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪১৯.৮৬ পয়েন্ট কমে ১৪৯৬৫.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৭টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৬ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকার কম।