পুঁজিবাজারে মূল্য সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ রোববার দেশের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম কমায় কমেছে সূচক। একই সঙ্গে লেনদেনও কমেছে। আজ ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি মূল্য সংশোধন হিসেবে দেখছেন। এ ছাড়া বেশ কয়েক দিন বাজার ভালো থাকায় আজ অনেকে প্রফিট তুলে নেওয়ায় এই মূল্য সংশোধন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ ব্যাপারে বাজার বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, বাজার ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। টানা বেশ কয়েক দিন চাঙাভাব থাকার পর মূল্য সংশোধনের বিষয়টি অনেকটা ইতিবাচক। এ ছাড়া প্রফিট তুলে নেওয়ার কারণেও এটা হতে পারে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯১.৬৯ পয়েন্ট কমে ৬৪৮৬.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।আজ সকালে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে যায়। বেলা সাড়ে ১১টায় মূল্যসূচক কমে ১০৪ পয়েন্ট আর বেলা দেড়টায় ১৩০.৪৪ পয়েন্ট কমে ৬৪৪৭.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছিল।দিন শেষে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ২১৩টির এবং দাম অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের। আর লেনদেন হয়েছে এক হাজার ১৫৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫২৬ কোটি টাকা কম।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির, সিরামিক খাতের পাঁচটির, আইটি খাতের পাঁচটির ও সেবা খাতের চারটি প্রতিষ্ঠানের মধ্যে সবকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এ ছাড়া ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২৮টির, সিমেন্ট খাতের ছয়টির মধ্যে পাঁচটির, প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ১৮টির, জ্বালানি খাতের ১৩টির মধ্যে ১০টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৬টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৭টির, বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২৩টির ও টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে। তবে খাদ্য ও মিউচুয়াল ফান্ড খাতে মিশ্র অবস্থা দেখা গেছে।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সটেক্স, এমজেএল বাংলাদেশ লিমিটেড, ইউসিবিএল, বেক্সিমকো, ওয়ান ব্যাংক, ইউনাইটেড এয়ার, এমআই সিমেন্ট, ফুয়াং ফুড, কেয়া কসমেটিকস ও সোস্যাল ইসলামী ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৬৪.৬১ পয়েন্ট কমে ১৮৩০৬.২১ পয়েন্টে দাঁড়ায়। দিন শেষে সিএসইতে হাত বদল হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা কম।